Brick Lane News

নওগাঁয় গৃহবধূকে পিটিয়ে হত্যা; আটক স্বামী

নওগাঁয় গৃহবধূকে পিটিয়ে হত্যা; আটক স্বামী

নওগাঁর পত্নীতলায় প্রতিমা রাণী (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার পর পার্শ্ববর্তী একটি শ্মশানঘাট থেকে নিহতের স্বামী প্রদীপ চৌধুরী (৩৭)কে আটক করে পুলিশ।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে প্রদীপ রুটি বানানোর বেলন দিয়ে স্ত্রীর কপালে আঘাত করেন। এতে প্রতিমা রাণী অচেতন হয়ে পড়েন।

পরিবারের দাবি, রাতে চিকিৎসা না দিয়ে বাসাতেই রাখা হয় তাকে। সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহতের বাবা নরেশ চৌধুরী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আটক প্রদীপ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।