Skip to main content

Brick Lane News

নামাজের কথা বলে ডেকে নিয়ে শ্বাসরোধ করে শিশুকে হত্যা

নামাজের কথা বলে ডেকে নিয়ে শ্বাসরোধ করে শিশুকে হত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগে তার চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার কুচদহ ইউনিয়নের আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিরাজুল আল সামস্ (৭) স্থানীয় মমিনুল ইসলামের ছেলে ও একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, তারাবির নামাজের সময় পাঞ্জাবি সেলাইয়ের কথা বলে চাচার বাড়িতে প্রবেশ করেন আমানুর ইসলাম (২২)। পরে নামাজে নেওয়ার কথা বলে শিশুটিকে বাড়ির পাশে একটি মাদরাসা ঘরে নিয়ে যান। সেখানে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ভুট্টাক্ষেতে নিয়ে গলা ও হাত-পায়ের রগ কেটে ফেলে রেখে বাড়িতে ফিরে যান তিনি।

দীর্ঘ সময় শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেন।

দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন (ক্রাইম অ্যান্ড অপারেশন) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমানুর হত্যার দায় স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

সম্পত্তি সংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অন্য দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।