Skip to main content

Brick Lane News

টাওয়ার হ্যামলেটসে গর্ভবতী নারী ও শিশুদের জন্য স্বাস্থ্যকর খাবারে আর্থিক সহায়তা

টাওয়ার হ্যামলেটসে গর্ভবতী নারী ও শিশুদের জন্য স্বাস্থ্যকর খাবারে আর্থিক সহায়তা

ব্রিকলেন নিউজ ডেস্ক, লন্ডন: যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আওতাধীন গর্ভবতী নারী এবং চার বছরের কম বয়সী শিশুদের পরিবারের জন্য পুষ্টিকর খাবার ও দুধ ক্রয়ে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় ‘হেলদি স্টার্ট’ (Healthy Start) কর্মসূচির আওতায় নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে নিম্ন ও সীমিত আয়ের পরিবারগুলো এই সুবিধা পাবে বলে কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে।

কর্মসূচির আওতায় যোগ্য আবেদনকারীদের একটি প্রিপেইড ‘হেলদি স্টার্ট কার্ড’ (Healthy Start Card) প্রদান করা হবে। এই কার্ডে নির্দিষ্ট সময় পরপর সরকারের পক্ষ থেকে সরাসরি অর্থ বরাদ্দ দেওয়া হয়। কার্ডটি ব্যবহার করে যুক্তরাজ্যের তালিকাভুক্ত যেকোনো সুপারশপ বা গ্রোসারি দোকান থেকে সহজে তাজা ও হিমায়িত ফলমূল, শাকসবজি, ডাল এবং তরল দুধ ক্রয় করা যাবে। মূলত গর্ভাবস্থায় ও শিশুর প্রাথমিক বয়সে সুষম পুষ্টি নিশ্চিত করতেই এই উদ্যোগ।

কারা আবেদনের যোগ্য: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের তথ্য অনুযায়ী, সহায়তা পেতে নিম্নোক্ত মৌলিক শর্তাবলি পূরণ করতে হবে: ১. আবেদনকারীকে কমপক্ষে ১০ সপ্তাহ বা তার বেশি সময়ের গর্ভবতী হতে হবে। ২. অথবা পরিবারে অনূর্ধ্ব চার বছর (৪ বছরের কম) বয়সী সন্তান থাকতে হবে। ৩. একই সঙ্গে যুক্তরাজ্যের নির্দিষ্ট কল্যাণ ভাতা বা সামাজিক নিরাপত্তা সুবিধার আওতাভুক্ত হতে হবে।

কেবলমাত্র গর্ভবতী হওয়া বা শিশুসন্তান থাকলেই এই কার্ড স্বয়ংক্রিয়ভাবে ইস্যু হবে না; আবেদনকারীর আয়ের মাত্রা এবং নির্ধারিত সরকারি শর্তাবলি পূরণ করা বাধ্যতামূলক।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী ও উপযুক্ত পরিবারগুলোকে অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে অবিলম্বে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। যোগ্যতাসম্পন্ন পরিবারগুলো নির্ধারিত অনলাইন পোর্টাল (https://orlo.uk/zK9Wz) থেকে সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।