Skip to main content

Brick Lane News

সংঘর্ষের আশঙ্কায় শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তা বলয়

সংঘর্ষের আশঙ্কায় শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তা বলয়

ব্রিকলেন নিউজ, লন্ডন: পোশাকশ্রমিকদের অসন্তোষ ও সংঘর্ষের কারণে রাজধানীর আশপাশের শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করায় যেকোনো নাশকতা এড়াতে আজ বৃহস্পতিবার সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত দিনের সংঘর্ষের পর আতঙ্ক ও অনিশ্চয়তা নিয়েই ভোর থেকে বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে শুরু করেছেন শ্রমিকরা। কর্মস্থলে ফেরা নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ থাকলেও জীবিকার তাগিদে কাজে ফিরছেন তারা।

সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে শ্রমিকদের চলাচল দেখা গেছে। কিছু কারখানায় উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে। তবে সাম্প্রতিক সংঘর্ষের প্রভাব কাটিয়ে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরবে কি না, তা নিয়ে শ্রমিকদের মধ্যে উদ্বেগ রয়েছে।

এদিকে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। কারখানার আশপাশেও বাড়ানো হয়েছে নজরদারি। নতুন করে যাতে শ্রমিক অসন্তোষ বা উত্তেজনা ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।