সংসদ নির্বাচনের আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেষ সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জুলাই আন্দোলনে অংশ নেওয়াদের চাকরি দেওয়ার দাবিতে ‘জুলাই চেতনা বাস্তবায়ন কমিটি’ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা সোমবার জোরপূর্বক উপাচার্যের কার্যালয়ে ঢুকে পড়েন। এ সময় ভিডিও ধারণ করায় এক সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে।
সোমবার সকাল থেকে সংগঠনটির ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের কার্যালয়ের সামনে অবস্থান নেন। বেলা ১১টার দিকে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে ব্যর্থ হলে দুপুরে তারা জোর করে কার্যালয়ে প্রবেশ করেন। খবর পেয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান সেখানে যান।
ঘটনার সময় প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজিদ হোসেন ভিডিও ধারণ করলে প্রক্টর চলে যাওয়ার পর তাকে ঘিরে ধরে হেনস্তা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৫৪৬তম সিন্ডিকেট সভা শুরু হয়। রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সভাটি চলছিল। ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে এটিই বর্তমান প্রশাসনের শেষ সিন্ডিকেট সভা। এ কারণে সভাকে ঘিরে জুলাই আন্দোলনকারীদের চাকরির দাবিতে অতিরিক্ত চাপ তৈরি হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে ইতিবাচক সাড়া দেয়নি।
জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, জুলাই আন্দোলনে স্বৈরাচার পতনে ভূমিকা রাখা ব্যক্তিদের মধ্য থেকে যোগ্যদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া উচিত ছিল। প্রশাসন আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, উপাচার্যের সঙ্গে দেখা করার জন্য প্রয়োজনে রাত পর্যন্ত অপেক্ষা করবেন তারা।
সাংবাদিক হেনস্তার অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, সাংবাদিক হিসেবে তাকে অনেকে চিনতে পারেনি এবং সেখানে সংবাদ করার মতো কিছু ঘটেনি বলে ভিডিও মুছে ফেলতে বলা হয়েছিল।
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, সিন্ডিকেট সভায় কোনো নিয়োগ এজেন্ডা নেই। কয়েকশ লোকের চাকরি হচ্ছে এমন গুজব ছড়ানো হয়েছে বলেই কিছু লোক বিষয়টি জানতে ক্যাম্পাসে এসেছিল।
এদিকে চলমান পরিস্থিতির মধ্যে নিয়ম বহির্ভূতভাবে বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বন্ধে ইউজিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ ও ইউট্যাব। সংগঠনগুলোর সভাপতিরা চিঠিতে সই করেন।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলিম বলেন, নির্বাচনের আগে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে তারা বারবার উপাচার্যকে অনুরোধ করেছেন। পরিস্থিতি বিবেচনায় বিষয়টি ইউজিসিকে জানানো হয়েছে।





