জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তবে কবিতাটি কার লেখা, তা তিনি উল্লেখ করেননি।
এদিকে টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের মধ্যে প্রধানমন্ত্রীর নাম আসায় তাকে সংসদের পক্ষ থেকে তিনি অভিনন্দন জানান। এ সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে চিফ হুইপের বক্তব্যকে সমর্থন করে উচ্ছ্বাস প্রকাশ করেন। এরপর চিফ হুইপ একটি কবিতা পাঠ করেন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
প্রধানমন্ত্রীর প্রশংসা করে চিফ হুইপ বলেন, ‘টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের সেরা ১০০ ব্যক্তিত্বের মধ্যে আমাদের নেতা, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আছে এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, প্রধানমন্ত্রী এই জাতিকে সম্মানিত করেছেন। তার জন্য আমি আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি।’
এ সময় সরকারের গত দুই মাসে গৃহীত বিভিন্ন কর্মসূচির বর্ণনা তুলে ধরে তিনি বলেন, ১৭ বছর পর দেশে এসে তিনি মানুষের মধ্যে এ রকম আশা জাগিয়েছেন। মানুষের হাতের আঙুলের কালি শুকানোর আগেই তিনি তার কাজ বাস্তবায়ন শুরু করেছেন।
সংসদে চিফ হুইপের আবৃত্তি করা কবিতাটি হলো:
‘তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল,
নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল
কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না।
তিনি এলেন, বললেন, খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ
বললেন, উই হ্যাভ আ প্ল্যান
তার দৃঢ়তা ছিল পাহাড়ের মতো
কিন্তু হৃদয় শিশিরভেজা ঘাসের মতো
বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি, নিজের আলোয় দাঁড়িয়েছিলেন, দরজাগুলো নিজেই খুলে গেছে
এখন দূরদেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়, বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম
এই দেশের নাম, বাংলাদেশের নাম
নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়, নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা
আশা জাগিয়ে তোলা।’
চিফ হুইপের কবিতা আবৃত্তির পর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘এই অর্জন আমাদের গোটা জাতি তথা দেশের অর্জন।’
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদ শুরুর প্রথম দিনেই সংসদের বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে নিয়ে প্রখ্যাত কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করেছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





