বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের রবিপুর গ্রামে প্রায় একশ একর জমি দীর্ঘ দিন ধরে অনাবাদি পড়ে আছে। এই বিপুল পরিমাণ জমিতে চাষাবাদ পুনরায় শুরু করার লক্ষ্যে পানি নিষ্কাশনের জন্য খাল খনন ও কালভার্ট নির্মাণের দাবিতে স্থানীয় কৃষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রবিপুর গ্রামে আয়োজিত এই মানববন্ধনে ভুক্তভোগী কৃষকরা তাদের দুরবস্থার কথা তুলে ধরেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. আনোয়ার হোসেন হাওলাদার। এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মো. শাহআলম মৃধা, দীনেশ চন্দ্র মিস্ত্রি, কবির জোমাদ্দার, শহিদুল ইসলাম সরদার এবং জলিল আকনসহ স্থানীয় কৃষকরা। বক্তারা জানান, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে এই একশ একর জমি চাষাবাদের অনুপযোগী হয়ে আছে, যার ফলে কৃষকরা মানবেতর জীবনযাপন করছেন। অনতিবিলম্বে খাল খনন ও কালভার্ট নির্মাণের মাধ্যমে ফসলি জমিগুলো চাষাবাদের উপযোগী করে তোলার জন্য তারা স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
কৃষকদের এই দাবির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, রবিপুর এলাকার কৃষকদের দীর্ঘদিনের এই সমস্যার বিষয়টি আমার নজরে এসেছে। জনস্বার্থে এবং কৃষি উৎপাদন সচল রাখতে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।