Skip to main content

Brick Lane News

লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদিরের সাথে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতাদের মতবিনিময়

লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদিরের সাথে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতাদের মতবিনিময়

মিজানুর রহমান :

যুক্তরাজ্যের পোর্টসমাউথ সিটির উন্নয়নে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সহযোগিতা কামনা করেছেন শহরটির লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদির।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়রের পার্লারে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান। অত্যন্ত আনন্দঘন ও প্রীতিপূর্ণ পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়রের পার্লারে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ পৌঁছালে লর্ড মেয়র সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং আপ্যায়ন করান।

পরে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এবিসি নিউজ বাংলার সম্পাদক আব্দুল বাছিরের পরিচালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্য দেন পোর্টসমাউথ সিটির ব্রিটিশ-বাংলাদেশি প্রথম লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদির।

প্রীতি বৈঠকের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, ইউকে বাংলা গার্ডিয়ান এর সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান।

মতবিনিময়ে অন্যান্যের মধ্যে অংশ নেন– টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, জগন্নাথপুর টাইমস এর সম্পাদক ও ইউকে বাংলা গার্ডিয়ানের সহযোগী সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান, ব্রিজবাংলা ২৪-এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি ও ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খান, সংগঠনের ট্রেজারার ও জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, দৈনিক বাংলার দিন এর যুক্তরাজ্য প্রতিনিধি ও সংগঠনের অ্যাসিসটেন্ট সেক্রেটারি আসমা মতিন, অ্যাসিসটেন্ট সেক্রেটারি ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, আইওন টিভির চিফ রিপোর্টার আব্দুল কাদির চৌধুরী মুরাদ এবং বাংলা সংলাপের রিপোর্টার, সংগঠনের ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি ইমরান তালুকদার প্রমুখ।

এ মতবিনিময় সভায় লর্ড মেয়র বলেন, ‘লর্ড মেয়র হিসেবে আমার প্রধান লক্ষ্য হলো শহরের মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক বোঝাপড়া এবং সম্মান বৃদ্ধি করা। পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও উন্নয়নের ক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা সুন্দর ও শান্তিময় ব্রিটেনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা আধুনিক, শিল্প, সংস্কৃতি ও বাণিজ্যে অগ্রগামী এবং মাদকমুক্ত পোর্টসমাউথ সিটি গড়ে তুলতে চাই। এর জন্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সব সাংবাদিকের সার্বিক সহযোগিতা কামনা করি।’