জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউ ইয়র্কে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে (ওয়েলকাম ব্রেকফাস্ট) অংশ নিয়েছেন। এই আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের সরকারপ্রধানের ব্যস্ত সফর সূচি আনুষ্ঠানিকভাবে শুরু হলো। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে এই প্রাতরাশ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা তাদের সহধর্মিনীদের নিয়ে মঞ্চে উপস্থিত হন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তার স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানও এই ফটোসেশনে অংশ নেওয়ার পাশাপাশি মহাসচিব ও তার স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। প্রাতরাশ পর্ব শেষে সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত রয়েছেন।
সফর সূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দেবেন। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটি হবে তার প্রথম ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন। এছাড়া জাতিসংঘের এই অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন।