বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ বৈশ্বিক স্বাস্থ্য প্রতিবেদন অনুযায়ী, গড় আয়ুর ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশিদের গড় আয়ু ভারতীয় ও পাকিস্তানিদের চেয়ে বেশি।
বিভিন্ন দেশের গড় আয়ু
- বাংলাদেশ: ৭২.৭ বছর
- ভারত: ৭১ বছর
- পাকিস্তান: ৬৮.২ বছর
- যুক্তরাষ্ট্র: ৭৮.৫ বছর
- কানাডা: ৮১.৪ বছর
প্রতিবেদনটিতে ২০২৩ সালে জন্মের সময় প্রত্যাশিত এই গড় আয়ুর তথ্য তুলে ধরা হয়েছে। তবে দীর্ঘ আয়ুকেই সুস্বাস্থ্যের একমাত্র পরিমাপক হিসেবে দেখছে না সংস্থাটি। ভারতে সুস্থ জীবনের প্রত্যাশিত গড় আয়ু (হেলদি লাইফ এক্সপেক্টেন্সি) ২০২৩ সালে দাঁড়িয়েছে ৬০.৬ বছরে, যা ২০১৯ সালে ছিল ৬০.৫ বছর। করোনা মহামারির প্রভাবে ২০২১ সালে এই সূচকটি কমে ৫৮.৪ বছরে নেমে গিয়েছিল, যা পরবর্তী দুই বছরে কিছুটা পুনরুদ্ধার হয়েছে। তবে সামগ্রিক জনস্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।