রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক নিম্ন আয়ের পরিবার ঘরবাড়ি হারিয়েছে। বুধবার সকালে লাগা এই আগুনে বস্তির অসংখ্য টিনশেড ও আধাপাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, সকাল ১০টা ১০ মিনিটে তাদের প্রথম ইউনিট কাজ শুরু করে এবং বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন আর ছড়ানোর ঝুঁকি না থাকলেও পুরোপুরি নির্বাপণ ও ড্যাম্পিংয়ের কাজ শেষ করতে সারাদিন লাগতে পারে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। পুরো এলাকায় তল্লাশি চালানোর পর হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১২, ২০১৫, ২০১৬, ২০২০, ২০২১ এবং সর্বশেষ ২০২৫ সালেও এই বস্তিতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল