Skip to main content

Brick Lane News

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ রাস্তা অবরুদ্ধ, নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগ

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ রাস্তা অবরুদ্ধ, নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগ

ব্রিকলেন নিউজ, লন্ডন: রাজধানীর মিরপুরে কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে পোশাকশ্রমিক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ জানায়, কারখানা দুটিতে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। পাশের জকি, ভিশন ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দিয়ে লোড স্টার ও মিড এশিয়া ফ্যাশনের শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আসেন। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কাফরুলের ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত সোশ্যাল ইসলামী ব্যাংকের জানালার কাচ ভাঙচুর করেন। ভবনটির তৃতীয় তলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের কার্যালয় রয়েছে। সেখানে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ছবি সংবলিত ব্যানারও ছিঁড়ে ফেলা হয়। এ সময় ভবনের বাইরের সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় একজন নিরাপত্তাকর্মী ও একজন অফিস সহকারী আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।