একদিনের বিশেষ সরকারি সফরে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে মুষলধারে বৃষ্টির মধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সরকারপ্রধান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে তাঁর পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিমানবন্দরের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রী সড়কপথে সরাসরি পিএমখালী ইউনিয়নে পাতিলী খাল পুনঃখনন কর্মসূচির মূল অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে আয়োজিত একটি জনসমাবেশে তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সংক্ষিপ্ত কক্সবাজার সফরকে কেন্দ্র করে দিনভর বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির বিবরণ নিচে দেওয়া হলো:
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় যুক্তরাজ্যের লন্ডনে প্রবাস জীবন কাটানোর পর, গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন তারেক রহমান। পরবর্তীতে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর পর্যটন নগরী কক্সবাজারে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।
এদিকে প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ আগমনকে কেন্দ্র করে পুরো কক্সবাজার জেলাজুড়ে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও কঠোর নজরদারি। সরকারপ্রধানকে স্বাগত জানাতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।