সোমবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর থানার গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিশেষ অভিযান চালায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। অভিযানের সময় বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে এক চোরাকারবারি সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। এসময় তিনি একটি লাল প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত সরে পড়েন।
বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে ওই বস্তার ভেতর থেকে একটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৭৮ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করেন। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সকালে গণমাধ্যমে পাঠানো মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র ও মাদকের চালানটি আইন অনুযায়ী জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়।