Skip to main content

Brick Lane News

বিদ্যুৎ গ্রিডে নতুন সম্ভাবনা: বিশ্বের প্রথম বাণিজ্যিক সোডিয়াম-আয়ন ব্যাটারি আনল সিএটিএল

বিদ্যুৎ গ্রিডে নতুন সম্ভাবনা: বিশ্বের প্রথম বাণিজ্যিক সোডিয়াম-আয়ন ব্যাটারি আনল সিএটিএল

চীনা ব্যাটারি জায়ান্ট সিএটিএল (CATL) সম্প্রতি তাদের নতুন ‘টেনার সোডিয়াম এনার্জি স্টোরেজ সিস্টেম’ (TENER Sodium Energy Storage System) উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য ও মাঠপর্যায়ে পরীক্ষিত সোডিয়াম-আয়ন এনার্জি স্টোরেজ সিস্টেম, যা মূলত বিদ্যুৎ গ্রিডকে সচল রাখার জন্য তৈরি করা হয়েছে।

এটি স্মার্টফোন বা ল্যাপটপের মতো ছোট ডিভাইসের জন্য নয়, বরং বৃহৎ আকারের বিদ্যুৎ প্রকল্পগুলোর জন্য নকশা করা হয়েছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ডেটা সেন্টারগুলোর কারণে বিদ্যুতের চাহিদা হু হু করে বাড়ছে। পাশাপাশি তাপপ্রবাহের কারণে স্থানীয় গ্রিডগুলোর ওপর তীব্র চাপ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি সংরক্ষণের জন্য এ ধরনের বিশাল স্টোরেজ ব্যবস্থা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

বাণিজ্যিক সরবরাহের সময়সূচি জার্মানির মিউনিখে উন্মোচিত এই সিস্টেমটির বৈশ্বিক সরবরাহ শুরু হবে ২০২৭ সালের জুনে। তবে চীনের বাজারে ২০২৬ সালের সেপ্টেম্বরেই এর সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে সিএটিএল। ২০২৬ সালের শেষ নাগাদ তাদের এই ব্যাটারির ক্রমবর্ধমান সরবরাহ ১ গিগাওয়াট-ঘণ্টায় (GWh) পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই সময়রেখা প্রমাণ করে যে, সোডিয়াম-আয়ন প্রযুক্তি এখন গবেষণাগার পেরিয়ে বাণিজ্যিক ব্যবহারের দ্বারপ্রান্তে।

লিথিয়ামের বিকল্প হিসেবে সোডিয়াম বর্তমানে বড় স্টোরেজ প্রকল্পগুলোতে সাধারণত লিথিয়ামভিত্তিক ব্যাটারি ব্যবহৃত হয়। লিথিয়াম বেশ কার্যকর হলেও এর সরবরাহ চেইন বা সাপ্লাই চেইন নিয়ে প্রায়ই জটিলতা দেখা দেয় এবং চাহিদা বাড়লে এর দামও ওঠানামা করে।

lion vs naon battery বিদ্যুৎ গ্রিডে নতুন সম্ভাবনা: বিশ্বের প্রথম বাণিজ্যিক সোডিয়াম-আয়ন ব্যাটারি আনল সিএটিএল
প্রকৃতিতে লিথিয়ামের তুলনায় এক হাজার গুণ বেশি সহজলভ্য হওয়ায়
সোডিয়াম-আয়ন ব্যাটারি জ্বালানি খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।

সিএটিএলের তথ্যমতে, প্রকৃতিতে লিথিয়ামের তুলনায় সোডিয়াম এক হাজার গুণ বেশি সহজলভ্য এবং সারা বিশ্বেই এটি বিস্তৃত। গ্রিড স্টোরেজের ক্ষেত্রে ব্যাটারির আকার ছোট বা খুব হালকা হওয়ার প্রয়োজন পড়ে না, তাই সোডিয়াম-আয়ন ব্যাটারি এখানে একটি চমৎকার বিকল্প। সিএটিএল অবশ্য বলছে না যে সোডিয়াম রাতারাতি লিথিয়ামের জায়গা দখল করবে; বরং ভবিষ্যৎ শক্তি সংরক্ষণে দুটি উপাদান একসঙ্গে কাজ করতে পারে, যা জ্বালানি কোম্পানিগুলোর একক উপাদানের ওপর নির্ভরতা কমাবে।

বিদ্যমান কাঠামোর সঙ্গেই ব্যবহারযোগ্য সিএটিএলের অন্যতম বড় দাবি হলো, নতুন এই ‘টেনার সোডিয়াম’ ব্যাটারি বর্তমানে প্রচলিত লিথিয়াম আয়রন ফসফেট (LFP) প্ল্যাটফর্মের কাঠামোর সঙ্গেই খাপ খাইয়ে নিতে পারে। ফলে প্রকল্পগুলোর নকশা পরিবর্তন বা নতুন করে সার্টিফিকেশন প্রক্রিয়ার প্রয়োজন হবে না।

প্রতিটি মডিউলের ওজন প্রায় ৪২ মেট্রিক টন এবং এর রেটেড ক্যাপাসিটি ৩০ মেগাওয়াট-ঘণ্টার বেশি। মাত্র ৩৪টি ইউনিট ব্যবহার করেই ১ গিগাওয়াট-ঘণ্টা স্টোরেজ সাইট তৈরি করা সম্ভব। এর মডুলার নকশা স্থানীয় বিদ্যুতের চাহিদার ওপর ভিত্তি করে প্রকল্পগুলোকে কাস্টমাইজ করার সুযোগ দেবে।

চরম বৈরী পরিবেশেও কার্যকর ও নিরাপদ ব্যাটারি স্টোরেজগুলোকে প্রায়শই চরম গরম বা তীব্র ঠান্ডার মতো বৈরী পরিবেশে কাজ করতে হয়। সিএটিএল জানিয়েছে, তাদের নতুন সিস্টেম চরম তাপমাত্রায় দারুণ কার্যকর এবং এর রক্ষণাবেক্ষণ খরচও তুলনামূলক কম। প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের কারণে এতে লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় ২০ শতাংশ বেশি সুরক্ষা মার্জিন রয়েছে।

এছাড়া এর বিশেষ কুলিং ডিজাইনের কারণে এটি প্রচলিত সিস্টেমের চেয়ে প্রায় ৩০ শতাংশ কম তাপ উৎপন্ন করে। এটি মাত্র ৬৫ ডেসিবল শব্দে কাজ করে, যা সাধারণ ব্যাটারি সিস্টেমের চেয়ে ১০ ডেসিবল কম। ফলে লোকালয়ের কাছাকাছি স্টোরেজ সাইট নির্মাণেও এটি পরিবেশবান্ধব হবে।

na ion in bad env বিদ্যুৎ গ্রিডে নতুন সম্ভাবনা: বিশ্বের প্রথম বাণিজ্যিক সোডিয়াম-আয়ন ব্যাটারি আনল সিএটিএল
বড় ধরনের এনার্জি প্রজেক্টের জন্য তৈরি এই ব্যাটারি মডিউলগুলো চরম তাপমাত্রায়ও নিরাপদে বিদ্যুৎ সংরক্ষণ করতে সক্ষম।

ভবিষ্যৎ সম্ভাবনা ও বিনিয়োগ গত এক দশকে সোডিয়াম-আয়ন ব্যাটারি গবেষণায় প্রায় ১.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সিএটিএল। চীনে তাদের ফিউডিং বেসে উৎপাদন সক্ষমতা বাড়ানো হয়েছে এবং শানডং-এর বিনিংয়ে ১৬০ গিগাওয়াট-ঘণ্টার নতুন উৎপাদন ইউনিট স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে হাইপারস্ট্রং-এর (HyperStrong) সঙ্গে তিন বছর মেয়াদি ৬০ গিগাওয়াট-ঘণ্টার একটি বিশাল চুক্তি স্বাক্ষর করেছে তারা, যাকে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সোডিয়াম-আয়ন ব্যাটারি চুক্তি বলা হচ্ছে।

সাধারণ ভোক্তারা সরাসরি এই ব্যাটারি কিনবেন না ঠিকই, তবে বিশ্বব্যাপী বিদ্যুৎ সংরক্ষণ ও সরবরাহের পদ্ধতিতে এটি যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। বিশেষ করে এআই-এর যুগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে এবং নবায়নযোগ্য শক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে এটি গ্রিড ব্যবস্থায় একটি নির্ভরযোগ্য হাতিয়ার হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।