Skip to main content

Brick Lane News

অনির্দিষ্টকালের জন্য গোবিপ্রবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

অনির্দিষ্টকালের জন্য গোবিপ্রবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ব্রিকলেন নিউজ, লন্ডন: গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। এই নির্দেশের আওতায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এর আগে গত ১৭ নভেম্বর রাতে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে একই সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় নতুন করে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গোপালগঞ্জ জেলা ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।