উৎপল কুমার-
আওয়ামী লীগকে কবর দিতে গিয়ে প্রধানমন্ত্রী রহমান হয়তো নিজের এবং গণতান্ত্রিক বাংলাদেশের কবরই খুঁড়ছেন।
বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির হাসিনার এই আবেদনকে ‘নাটক’ বলে অভিহিত করেছেন। তিনি ঘোষণা করেছেন, সরকার ‘পলাতক অপরাধীদের’ পাসপোর্টের আবেদন বিবেচনা করবে না।
এর আগে রয়টার্স জানিয়েছিল, লন্ডনভিত্তিক আইনজীবীদের মাধ্যমে হাসিনা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালে তাঁর পাসপোর্ট বাতিল করা হয়েছিল।
এই প্রত্যাখ্যান মোটেও বিস্ময়কর নয়। চলতি বছরের শুরুতে ক্ষমতায় আসার পর থেকেই তারেক রহমানের সরকার তার সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে কোনো ধরনের ছাড় দেওয়ার আগ্রহ দেখায়নি। হাসিনাকে দেশের বাইরে রাখা রাজনৈতিকভাবে সুবিধাজনক বলে মনে হতে পারে। কিন্তু আজ যা কৌশলগত বিজয় বলে মনে হচ্ছে, আগামীকাল তা বড় ধরনের কৌশলগত বিপর্যয়ে পরিণত হতে পারে।
কারণ, রহমান শুধু হাসিনার জন্য দরজা বন্ধ করছেন না। তিনি এমন একটি দেশের গণতান্ত্রিক শূন্যতাকে দীর্ঘায়িত করার ঝুঁকি নিচ্ছেন, যেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বরাবরই ভঙ্গুর। আর রাজনৈতিক শূন্যস্থান কখনোই দীর্ঘদিন খালি থাকে না। বাংলাদেশে সবচেয়ে বড় সুবিধাভোগী হয়ে উঠতে পারে ইসলামপন্থী শক্তিগুলো।
এর চেয়ে খারাপ সময়ে এমন পরিস্থিতি আর হতে পারত না। বাংলাদেশ বর্তমানে তার অন্যতম ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর সবচেয়ে স্পষ্ট প্রকাশ ঘটেছে কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে খারাপ বিদ্যুৎ পরিস্থিতিতে। পরিস্থিতি সামাল দিতে সরকার রাত ৮টার মধ্যে দোকানপাট, বাজার ও শপিং মল বন্ধ করার নির্দেশ দিয়েছে। এই অর্থনৈতিক দুর্দশা এমনিতেই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
হাসিনার শাসনামলের ঢাকার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করলেই সংকটের গভীরতা স্পষ্ট হয়ে ওঠে। ‘দ্য ল্যান্ড অব মনসুনস অ্যান্ড মার্টার্স’ গ্রন্থের লেখক সলিল ত্রিপাঠী ঢাকার দৃশ্যমান সমৃদ্ধির রূপান্তরের বর্ণনা দিয়েছেন এভাবে: ‘পশ্চিমা ধাঁচের শপিং মলগুলো পুরোনো বাজারের জায়গা নিতে শুরু করেছিল। গুলশানের উঁচু ভবনগুলোর ছাদ থেকে চারদিকে তাকালে চোখে পড়ত শহরের বিস্তৃত আকাশরেখা। সেখানে ক্রেন এবং অর্ধনির্মিত আকাশচুম্বী ভবনের সারি, যেগুলো রাতারাতি বেড়ে চলেছে বলে মনে হতো। নিচের রাস্তাগুলোয় ছিল বিশৃঙ্খলার এক কোলাহলমুখর সমাহার: সিএনজিচালিত যানবাহনের স্রোত, উবারে ডাকা টয়োটা গাড়ি এবং চকচকে কালো এসইউভির অন্তহীন যানজট, যেখানে কোনো গন্তব্যে পৌঁছাতে কতক্ষণ লাগবে, তা অনুমান করাও অসম্ভব ছিল।’
যে শহর একসময় প্রাণচাঞ্চল্যে… এমনকি রাতের জীবনের উচ্ছ্বাসেও মুখর ছিল… আজ সেই শহর রাত ৮টার মধ্যেই বন্ধ হয়ে যেতে বাধ্য হচ্ছে!
বাংলাদেশের পোশাকশিল্পের চেয়ে এই রূপান্তর আর কোথাও এত নাটকীয় ছিল না। হাসিনার শাসনামলে এবং ভারত থেকে উল্লেখযোগ্য সহযোগিতা পাওয়ার ফলে এই শিল্পের অভূতপূর্ব সম্প্রসারণ ঘটে। ২০১০ সালের তুলনায় পোশাক রপ্তানি প্রায় তিন গুণ বেড়ে ৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছায়। চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়। ১৯৮৫ সালে যেখানে কারখানার সংখ্যা ছিল ৩৮৫টি, সেখানে তা বেড়ে দাঁড়ায় ৪ হাজারেরও বেশি। এই শিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডে পরিণত হয়। দেশের বার্ষিক রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে এই খাত থেকে এবং এখানে প্রায় ৪০ লাখ মানুষ কাজ করেন, যাদের অধিকাংশই নারী।
আজ এই শিল্পের ওপর ক্রমবর্ধমান চাপ শুধু রপ্তানি আয়কেই হুমকির মুখে ফেলছে না। এটি বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার অর্থনৈতিক ভিত্তিকেই আঘাত করছে। এর প্রভাব শুধু কারখানার শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশের রাজনৈতিক অভিজাত শ্রেণিরও পোশাকশিল্পে গভীর আর্থিক স্বার্থ জড়িয়ে রয়েছে। একটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে ৩০ জনেরও বেশি সংসদ সদস্য, অর্থাৎ মোট সংসদ সদস্যের প্রায় ১০ শতাংশের পোশাক কারখানার মালিকানা ছিল। অন্য কিছু হিসাব বলছে, সংসদ সদস্যদের অর্ধেকেরও বেশি কোনো না কোনোভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে দীর্ঘস্থায়ী সংকট শুধু লাখ লাখ শ্রমিককেই বিপর্যস্ত করবে না, রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভিতও নাড়িয়ে দিতে পারে।
এই প্রেক্ষাপটেই শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। হাসিনা কোনো রাজনৈতিক নবাগত নন। অভ্যুত্থান, হত্যাচেষ্টা, কারাবাস এবং বারবার রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে টিকে থাকা এই নেত্রী বাংলাদেশের অস্থির রাজনীতিকে অধিকাংশের চেয়ে ভালো বোঝেন। তিনি জানেন, দেশটি গভীর রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সংকট তীব্র হলে বর্তমান রাজনৈতিক ব্যবস্থাও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, এমন উপলব্ধিও তাঁর থাকতে পারে।
তাই তাঁর দেশে ফেরার চেষ্টা সম্ভবত রাজনৈতিক হিসাব-নিকাশেরই অংশ। ঢাকায় আবার অস্থিরতা ছড়িয়ে পড়লে হাসিনা দর্শক হয়ে থাকতে চান না, বরং রাজনৈতিক খেলায় সক্রিয় অংশীদার হতে চান।
অন্যদিকে রহমান তাঁকে দেশে ফেরার সুযোগ না দেওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ বলে মনে হচ্ছে। এটি একটি বিপজ্জনক জুয়া। তিনি হয়তো হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে পারবেন। এমনকি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতেও সফল হতে পারেন। কিন্তু তাঁর নিজের সরকার যদি দুর্বল হয়ে পড়ে, তখন কী হবে? সেই রাজনৈতিক শূন্যস্থান কে দখল করবে?
বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক শক্তির একটিকে পরিকল্পিতভাবে দুর্বল করে রহমান নিজের দলের জন্য একটি মূলধারার গণতান্ত্রিক বিকল্পকে নিশ্চিহ্ন করে দেওয়ার ঝুঁকি নিচ্ছেন। আর সেই শূন্যস্থান অন্য কোনো মূলধারার রাজনৈতিক দল নয়, বরং জামায়াতে ইসলামী এবং অন্যান্য ইসলামপন্থী গোষ্ঠী পূরণ করতে পারে।
এটাই সেই স্ববিরোধিতা, যার মুখোমুখি হতে রহমান অনিচ্ছুক বলে মনে হচ্ছে। নিজের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে ধ্বংস করতে গিয়ে তিনি এমন শক্তিকে আরও শক্তিশালী করে তুলতে পারেন, যারা শেষ পর্যন্ত তাঁর নিজের রাজনৈতিক অস্তিত্বের জন্যই হুমকি হয়ে উঠবে। বিএনপি ও আওয়ামী লীগ কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। তাদের প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই তিক্ত, প্রতিহিংসাপরায়ণ ও ধ্বংসাত্মক হয়ে উঠেছে। বিরোধীদের কোণঠাসা করতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে হাসিনা নিজেও যে নির্দোষ ছিলেন, তা নয়। এই প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার সুযোগ রয়েছে তারেক রহমানের সামনে। হাসিনার বিরুদ্ধে মামলা চললেও আওয়ামী লীগকে স্থায়ীভাবে মূলধারার রাজনীতির বাইরে রাখার কোনো জোরালো গণতান্ত্রিক যুক্তি নেই। ব্যক্তির দায়বদ্ধতা এবং রাজনৈতিক অংশগ্রহণ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। হাসিনাকে সঙ্গে নিয়ে কিংবা তাঁকে ছাড়াই আওয়ামী লীগকে গণতান্ত্রিক মূলধারায় ফিরে আসার সুযোগ দেওয়া কোনো উদারতা প্রদর্শন হবে না। বরং এটি হবে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়, এমনকি আত্মরক্ষার কৌশলও।
কিন্তু প্রধানমন্ত্রী রহমান ঠিক এর বিপরীত পথেই এগোতে দৃঢ়প্রতিজ্ঞ বলে মনে হচ্ছে।
আওয়ামী লীগকে বাইরে রেখে জামায়াতে ইসলামীকে জায়গা করে দেওয়া বিএনপিকে তাৎক্ষণিক নির্বাচনী সুবিধা এনে দিতে পারে। কিন্তু আজ যা রহমানের জন্য লাভজনক, আগামীকাল তা জামায়াতকে শক্তিশালী করতে পারে। ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে, যেখানে মূলধারার রাজনৈতিক দলগুলো স্বল্পমেয়াদি সুবিধার আশায় ধর্মীয় শক্তির সঙ্গে হাত মিলিয়েছে। পরে তারা বুঝতে পেরেছে, তাদের আদর্শিক মিত্রদের লক্ষ্য শুধু দ্বিতীয় সারির সহযোগী হয়ে থাকা নয়, বরং তাদের উচ্চাকাঙ্ক্ষা আরও অনেক বড়। রহমানের নিজেকে একটি সহজ প্রশ্ন করা উচিত: আগামীকাল বিএনপি দুর্বল হয়ে পড়লে, আওয়ামী লীগকে যে রাজনৈতিক পরিসর থেকে তিনি এত পরিকল্পিতভাবে সরিয়ে দিয়েছেন, সেই জায়গার উত্তরাধিকারী কে হবে?
এখানেই রহমানের রাজনৈতিক জুয়া বাংলাদেশের জন্যও সম্ভাব্য বিপজ্জনক হয়ে উঠেছে। আওয়ামী লীগ দুর্বল হয়ে পড়লেই বিএনপি স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। এর অর্থ হতে পারে জামায়াতের শক্তিশালী হয়ে ওঠা। আর অর্থনৈতিক সংকটে জর্জরিত, চাপের মুখে থাকা প্রতিষ্ঠান এবং ক্রমশ দুর্বল হয়ে পড়া রাজনৈতিক মধ্যপন্থার বাংলাদেশ ইসলামপন্থী শক্তিগুলোর জন্য সেই সুযোগ তৈরি করে দিতে পারে, যার সন্ধান তারা দীর্ঘদিন ধরে করে আসছে।
তাই অনেক দেরি হয়ে যাওয়ার আগেই রহমানের দুটি চ্যালেঞ্জ মোকাবিলা করা উচিত। অভ্যন্তরীণভাবে, তাঁকে বর্জনের রাজনীতি অব্যাহত না রেখে প্রকৃত রাজনৈতিক প্রতিযোগিতা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আর আন্তর্জাতিক ক্ষেত্রে, শেখ হাসিনার ভাগ্যের সঙ্গে ঢাকার নয়াদিল্লির সম্পর্ককে জিম্মি করে রাখা যাবে না। ভৌগোলিক বাস্তবতাকে অস্বীকার করা যায় না। বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা এবং অভিন্ন অর্থনৈতিক স্বার্থকেও রাজনৈতিক বৈরিতার বেদিতে অনির্দিষ্টকালের জন্য বিসর্জন দেওয়া যায় না।
তবে ঢাকার দিক থেকে পাওয়া সংকেতগুলো মোটেও আশাব্যঞ্জক নয়। শেখ হাসিনাকে পাসপোর্ট দিতে অস্বীকৃতি, তাঁর প্রত্যর্পণের দাবি এবং নয়াদিল্লির তুলনায় বেইজিং ও কুয়ালালামপুরকে রহমানের কূটনৈতিক অগ্রাধিকারে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা একটি কৌশলগত পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ অবশ্যই তার আন্তর্জাতিক সম্পর্কের পরিধি বাড়ানোর অধিকার রাখে। কিন্তু সম্পর্কের বৈচিত্র্য বৃদ্ধি আর বিচ্ছিন্ন হয়ে পড়া এক বিষয় নয়। হাসিনার যুগ যে শেষ হয়েছে, তা প্রমাণ করতে গিয়ে ঢাকাকে নয়াদিল্লি থেকে দূরে সরিয়ে নেওয়া হবে কূটনীতির ক্ষেত্রে আত্মঘাতী পদক্ষেপ।
তারেক রহমানের বোঝা উচিত, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করা যায়, কিন্তু রাজনৈতিক শূন্যস্থানকে নিয়ন্ত্রণ করা যায় না। বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক শক্তির একটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করতে গিয়ে তিনি এমন এক আদর্শিক প্রতিপক্ষ জামায়াতকে শক্তিশালী করার ঝুঁকি নিচ্ছেন, যাকে ভবিষ্যতে নিয়ন্ত্রণ করা তাঁর জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে। আওয়ামী লীগকে কবর দিতে গিয়ে তিনি হয়তো নিজের এবং গণতান্ত্রিক বাংলাদেশের কবরই খুঁড়ছেন।
জাতীয় বিপর্যয় অনেক সময় রাজনৈতিক সুযোগের ছদ্মবেশে আসে। বাংলাদেশের রাজনৈতিক শ্রেণি যদি নিজেদের সংশোধন না করে, তবে ঢাকাকে হয়তো এর চরম মূল্য দিতে হবে।
(লেখক ‘ভারত রাইজিং: ধর্ম, গণতন্ত্র, কূটনীতি’ এবং ‘এমিনেন্ট ডিস্টোরিয়ান্স: ভারতের ইতিহাসের বাঁক ও সত্য’ গ্রন্থের রচয়িতা। এই নিবন্ধে প্রকাশিত মতামত সম্পূর্ণ লেখকের নিজস্ব। )