Skip to main content

Brick Lane News

আজীবন বিনামূল্যে লন্ডনের বাস-টিউবে ভ্রমণের সুযোগঃ কারা পাবেন ‘ফ্রিডম পাস’

আজীবন বিনামূল্যে লন্ডনের বাস-টিউবে ভ্রমণের সুযোগঃ কারা পাবেন ‘ফ্রিডম পাস’

লন্ডনের নির্দিষ্ট কিছু বাসিন্দা আজীবন বিনামূল্যে গণপরিবহনে যাতায়াতের সুযোগ পেতে পারেন। বলা হয়েছে, নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে ‘ফ্রিডম পাস’-এর মাধ্যমে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) নেটওয়ার্কে বিনামূল্যে ভ্রমণ করা যায়।

‘ফ্রিডম পাস’ মূলত দুই ধরনের। এর একটি হলো বয়স্ক ব্যক্তিদের ফ্রিডম পাস। লন্ডনের কোনো একটি বরোতে বসবাসকারী এবং বর্তমানে ৬৬ বছর বয়সে রাষ্ট্রীয় পেনশনের বয়সে পৌঁছেছেন—এমন ব্যক্তিরা এই পাসের জন্য যোগ্য হতে পারেন।

এই পাস ব্যবহার করে সপ্তাহের কর্মদিবসে সকাল ৯টার পর এবং সপ্তাহান্ত ও ব্যাংক হলিডেতে যেকোনো সময়ে টিএফএলের বিভিন্ন পরিবহন ব্যবস্থায় বিনামূল্যে যাতায়াত করা যায়।

অন্যটি হলো প্রতিবন্ধী ব্যক্তিদের ফ্রিডম পাস। যোগ্য প্রতিবন্ধিতা থাকলে লন্ডনের কোনো বরোতে বসবাসকারী ব্যক্তিরা এই পাসের জন্য আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে টিএফএল নেটওয়ার্কে সব সময় বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাওয়া যায়।

যোগ্যতার তালিকায় অন্ধ বা আংশিক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি, গুরুতর বা সম্পূর্ণ শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তি এবং কথা বলার সক্ষমতা নেই—এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া কোনো প্রতিবন্ধিতা বা আঘাতের কারণে দীর্ঘমেয়াদে হাঁটার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে—এমন ব্যক্তিরাও যোগ্য হতে পারেন। দুই হাত না থাকা অথবা দীর্ঘমেয়াদে দুই হাতের ব্যবহার হারানো ব্যক্তিদের জন্যও এই সুবিধা রয়েছে।

নির্দিষ্ট ধরনের শেখার প্রতিবন্ধিতা থাকা ব্যক্তিরাও যোগ্য হতে পারেন। প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তি আইনগত নির্ধারিত কোনো একটি যোগ্যতার শর্ত পূরণ না করলেও বিশেষ পরিস্থিতিতে লন্ডনের বরোগুলো ফ্রিডম পাস দেওয়ার ক্ষমতা রাখে।

‘ফ্রিডম পাস’ থাকলে লন্ডনের বাস, টিউব, ডিএলআর, ট্রাম, ওভারগ্রাউন্ড এবং এলিজাবেথ লাইনসহ টিএফএলের বিভিন্ন পরিবহন ব্যবস্থায় বিনামূল্যে যাতায়াত করা যায়।