যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন খারিজ হওয়া ব্যক্তিদের দেশ থেকে বহিষ্কারের আগে পাঁচ কর্মদিবসের নোটিশ দেওয়ার নিয়ম বাতিল করতে যাচ্ছে সরকার। নতুন পরিকল্পনা কার্যকর হলে আশ্রয়ের আবেদন এবং আপিলের সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে আগাম না জানিয়েই দেশে ফেরত পাঠাতে পারবে হোম অফিস।
বর্তমানে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন খারিজ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশ ছাড়ার আগে পাঁচ কর্মদিবসের নোটিশ দেওয়া হয়। কিন্তু সরকারের দাবি, এই সময়ের মধ্যে অনেক আবেদনকারী শেষ মুহূর্তে নতুন করে আইনি আবেদন বা আপিল করেন। এতে বহিষ্কার প্রক্রিয়া বিলম্বিত হয়।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তির আশ্রয়ের আবেদন চূড়ান্তভাবে খারিজ হলে এবং তার আপিলের অধিকার শেষ হয়ে গেলে হোম অফিসের হাতে ছয় মাস পর্যন্ত সময় থাকবে। এই সময়ের মধ্যে কোনো আগাম নোটিশ ছাড়াই সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাজ্য থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা পাবে কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ বর্তমানে সংসদে বিবেচনাধীন ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিল সংশোধনের মাধ্যমে এ পরিবর্তন আনতে চান। সংশোধনী কার্যকর হলে আশ্রয়ের আবেদন খারিজ হওয়া ব্যক্তিদের বহিষ্কারের আগে বাধ্যতামূলক পাঁচ কর্মদিবসের নোটিশ দেওয়ার বিধান আর কার্যকর থাকবে না।
তবে সরকারের এই পরিকল্পনার সমালোচনা করেছে শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা রিফিউজি কাউন্সিল। সংস্থাটির মতে, এত অল্প সময়ের নোটিশে কাউকে দেশ থেকে সরিয়ে দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে অপ্রয়োজনীয় মানসিক চাপ ও উদ্বেগ তৈরি হবে।
রিফিউজি কাউন্সিলের পরিচালক ইমরান হোসেন বলেন, জোরপূর্বক ফেরত পাঠানোর তুলনায় স্বেচ্ছায় দেশে ফেরার ব্যবস্থা অনেক বেশি কার্যকর। তার ভাষায়, মানুষকে মর্যাদার সঙ্গে দেশে ফেরার সুযোগ ও সহায়তা দেওয়া হলে অনেকেই সেই পথ বেছে নেবেন। এতে করদাতাদের অর্থও তুলনামূলক কম ব্যয় হবে।
নতুন নীতির পক্ষে যুক্তি দিতে গিয়ে সরকার ডেনমার্কের উদাহরণ তুলে ধরেছে। দেশটিতে একই ধরনের নীতি চালুর পর পাঁচ বছরে ফেরত পাঠানোর অপেক্ষায় থাকা অভিবাসীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমে এক হাজারের নিচে নেমে এসেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে নতুন নিয়মে যুক্তরাজ্য অতিরিক্ত কতজনকে ফেরত পাঠাতে পারবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি হোম অফিস।
সীমান্ত নিরাপত্তা ও আশ্রয়বিষয়ক মন্ত্রী আনা টারলি বলেন, যারা আপিল করার আইনি অধিকার শেষ করেছেন, তাদের দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বৈধভাবে ফেরত পাঠানোর প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য তাদের অতিরিক্ত সুযোগ দেওয়া হবে না। নতুন বিলের মাধ্যমে অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার পাশাপাশি প্রক্রিয়াটি দ্রুত ও ন্যায্য করার লক্ষ্য রয়েছে।
এদিকে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এখনো বড় সমস্যা। ২০২৬ সালের জুন পর্যন্ত প্রাথমিক সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন ৪০ হাজার ১৬৮ জন আশ্রয়প্রার্থী। এ ছাড়া আদালতে আপিলের ফলাফলের অপেক্ষায় ছিলেন আরও ৯০ হাজার ৩৪১ জন।
২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত আশ্রয়ের আবেদনের ওপর দেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে ৩৮ শতাংশ আবেদনকারী শরণার্থী মর্যাদা পেয়েছেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যে মোট আশ্রয়ের আবেদনের ৪০ শতাংশ আসে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা ব্যক্তিদের কাছ থেকে। বাকি ৬০ শতাংশ আবেদন করেন অন্য অনিয়মিত পথে আসা কিংবা বৈধ ভিসায় যুক্তরাজ্যে প্রবেশের পর আশ্রয় চাওয়া ব্যক্তিরা।
সরকারের দাবি, নতুন নিয়ম কার্যকর হলে আশ্রয়প্রক্রিয়ার অপব্যবহার কমবে এবং যাদের যুক্তরাজ্যে থাকার আইনি অধিকার নেই, তাদের দ্রুত ফেরত পাঠানো সম্ভব হবে। তবে শরণার্থী অধিকারকর্মীদের আশঙ্কা, আগাম নোটিশ বাতিলের ফলে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আইনি সহায়তা নেওয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতির সুযোগ সংকুচিত হতে পারে।