ব্রিকলেন নিউজ, লন্ডন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। গত ৫ নভেম্বরের ওই ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি মঙ্গলবার (১৭ নভেম্বর) বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কারও সঙ্গে অন্যায় আচরণ করার কোনো অধিকার নেই।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার আদালতে যান পরীমনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে সেদিনের ঘটনার বর্ণনা দেন তিনি।
পরীমনি বলেন, ‘সে যখন আমাকে ধরল, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমাকে কেন ধরছো? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লেগেছে।’
আদালতে যাওয়া-আসার প্রায় ছয় বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে পরীমনি বলেন, এই দীর্ঘ সময়ে সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে তাঁর কখনো দুর্ব্যবহার হয়নি।
তিনি বলেন, ‘এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ছয় বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর এবং মেইনস্ট্রিমের যারা সাংবাদিক আছেন, তারা সবাই এই ছয়টা বছর আমার সঙ্গে যাওয়া-আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনো কারও সঙ্গে আমার একটা দুর্ব্যবহার হয়েছে? পারবেন না।’
সাংবাদিক পরিচয়কে অন্যায় আচরণের ঢাল হিসেবে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাড টাচ বা গুড টাচ যেটাই হোক, করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করল এরকম করে যে- আমি কিন্তু সাংবাদিক। তার মানে কী দাঁড়াল? তখন তো আমি হিট মোমেন্টে; তাহলে তো বলবই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।’
এর আগে গত ৫ নভেম্বর এক ব্যবসায়ীকে মারধরের মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন পরীমনি। সেদিন আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এ সময় ওই সাংবাদিককে টেনে নেওয়া ও মারধরের অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। তবে পরীমনির দাবি, ওই সাংবাদিক তাঁকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি প্রতিক্রিয়া দেখান। পরে তাঁদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে এ শুনানির দিন ধার্য ছিল। তবে মামলাটি আদালত পরিবর্তনের প্রক্রিয়ায় থাকায় শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ করা হয়।
এর আগে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচারাধীন ছিল। গত ৯ নভেম্বর মামলাটি সিএমএম আদালতে বদলি করা হয়। নতুন আইনের আওতায় ট্রাইব্যুনাল গঠিত হওয়ায় সেখানে মামলার বিচার কার্যক্রম চলবে বলে আদালত জানিয়েছিলেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন ৫ আগস্ট সংস্থাটির পক্ষ থেকে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে বলা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে জানিয়েছিল, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। তাঁর গাড়িও মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগ করা হয়।
২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারির পাশাপাশি তাঁর ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের শুনানির প্রক্রিয়া শুরু হয়। আগামী ২৩ ডিসেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।