যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পুরো বিমান চলাচল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও, তেহরান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখনো নিয়মিত ফ্লাইট পরিচালিত হচ্ছে। বর্তমানে ৩০টিরও বেশি আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে ইরানের বিমান যোগাযোগ চালু রয়েছে। এর মধ্যে চীন, রাশিয়া, পাকিস্তান, আর্মেনিয়া, আফগানিস্তান, বেলারুশ ও মালয়েশিয়া উল্লেখযোগ্য। বিশেষ করে ইরান এয়ার এখনো নিয়মিতভাবে ইস্তাম্বুলে ফ্লাইট পরিচালনা করছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, গত রোববার তেহরান বিমানবন্দর থেকে মোট ৪১টি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করেছে। যদিও নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগের দুই দিনে গড়ে প্রতিদিন ৮০ থেকে ৯০টি ফ্লাইট চলাচল করেছিল। তবে নিষেধাজ্ঞার প্রভাবে ইরানের দুটি প্রধান বিমান সংস্থা—রাষ্ট্রীয় মালিকানাধীন ইরান এয়ার এবং বেসরকারি মাহান এয়ার সবচেয়ে বেশি সংকটের মুখে পড়েছে।