গাজা উপত্যকার খান ইউনিসে ইসরাইলি বাহিনীর চালানো এক হামলায় হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ান নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা ইসরাইলি সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে এই সফল অভিযানের জন্য সাধুবাদ জানিয়েছেন এবং একে একটি ‘নির্ভুল অভিযান’ হিসেবে অভিহিত করেছেন।
এর আগে নাসের মেডিকেল কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, খান ইউনিসের পশ্চিমে অবস্থিত আল-মাওয়াসি এলাকায় একটি গাড়িতে বিমান হামলার ঘটনায় অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে নেতানিয়াহু ও কাৎজের বিবৃতিতে উল্লিখিত হত্যাকাণ্ডটি ওই একই ঘটনা কি না, তা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এছাড়া একই অঞ্চলে খান ইউনিসের উত্তরে ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণে আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
গাজার অন্যান্য প্রান্তেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। উত্তর-পূর্ব গাজা সিটির একটি বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। পাশাপাশি বুরেইজ শরণার্থীশিবিরে ইসরাইলি বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে নেতানিয়াহু ও কাৎজের পক্ষ থেকে তাদের যৌথ বিবৃতিতে গাজার এসব সাধারণ হতাহতের ঘটনাগুলো নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।