Skip to main content

Brick Lane News

বাংলাদেশে ভ্রমণ ঝুঁকিপূর্ণ মনে করে কানাডা

বাংলাদেশে ভ্রমণ ঝুঁকিপূর্ণ মনে করে কানাডা

বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডা সরকার। নতুন ভ্রমণ নির্দেশনায় বাংলাদেশকে ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ পর্যায়ে রেখেছে দেশটি। একই সঙ্গে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের তিন জেলায় সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

কানাডা সরকারের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে গত ১০ আগস্ট প্রকাশিত নির্দেশনায় বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম এবং রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ ও জনঅস্থিরতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বিক্ষোভ ও রাজনৈতিক কর্মসূচির কারণে হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ এবং সহিংস সংঘর্ষের মতো পরিস্থিতিও সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে কানাডীয় নাগরিকদের বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে আরও কঠোর সতর্কতা জারি করেছে কানাডা। পার্বত্য তিন জেলায় ‘সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার’ পরামর্শ দেওয়া হয়েছে। এসব এলাকায় রাজনৈতিক সহিংসতা, সংঘর্ষ ও অপহরণের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে কানাডা সরকার।

বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণরত কানাডীয় নাগরিকদের নিয়মিত স্থানীয় সংবাদমাধ্যম অনুসরণ করতে এবং পরিস্থিতির যেকোনো পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ভ্রমণের আগে কানাডা সরকারের ওয়েবসাইটে সর্বশেষ ভ্রমণবিষয়ক তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরেও বাংলাদেশ নিয়ে দুই দফা ভ্রমণ সতর্কতা জারি করেছিল কানাডা সরকার।