Skip to main content

Brick Lane News

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্কটল্যান্ডের গ্লাসগো শহরের বিখ্যাত দ্য হাইড্রোতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ১১ দিনের এই ক্রীড়াযজ্ঞ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

এবারের আসরে বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত ৭৪টি দেশ ও অঞ্চলের তিন হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন। ১০টি খেলায় মোট ২১৫টি স্বর্ণপদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। ২ আগস্ট পর্দা নামবে এবারের গেমসের। গেমসে ৪ টি ডিসিপ্লিনে অংশ নিবে বাংলাদেশের ১৭ জন এথলেট।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস ‘কিংস ব্যাটন’ থেকে তার বিশেষ বার্তা পাঠ করবেন। ২০২৫ সালের ১০ মার্চ কমনওয়েলথ দিবসে বাকিংহাম প্যালেসে কিংস ব্যাটন রিলে উদ্বোধনের সময় তিনি এই বার্তাটি ব্যাটনের মধ্যে রেখেছিলেন। রাজার সেই বার্তা পাঠের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের উদ্বোধন ঘোষণা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন ব্রিটেনের কিংবদন্তি সাইক্লিস্ট স্যার ক্রিস হয়। ছয়বারের অলিম্পিক স্বর্ণজয়ী ও দুইবারের কমনওয়েলথ চ্যাম্পিয়ন ক্রিস হয় ২০২৫ সালে কিংস ব্যাটন রিলের প্রথম ব্যাটনবাহক ছিলেন।

৫০০ দিনের যাত্রায় কিংস ব্যাটন কমনওয়েলথের ৭৪টি দেশ ও অঞ্চল ঘুরেছে। এটি কমনওয়েলথ গেমসের ইতিহাসে দীর্ঘতম ব্যাটন রিলে। এই ঐতিহাসিক যাত্রায় বাংলাদেশও ছিল গুরুত্বপূর্ণ অংশ। ২০২৫ সালের ডিসেম্বরে কিংস ব্যাটন বাংলাদেশে পৌঁছায় এবং বাংলাদেশ ছিল রিলের এশিয়া পর্বের শেষ গন্তব্য।