Skip to main content

Brick Lane News

নরসিংদীতে ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ চাচির বিরুদ্ধে

নরসিংদীতে ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ চাচির বিরুদ্ধে

নরসিংদীর মাধবদীতে দুই মাসের এক শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঘটনার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাটি উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে।

পরিবারের সদস্যরা জানান, শিশুটি কিছুদিন থেকেই অস্বাভাবিকভাবে কান্না করত।

শিশুর মা সায়েবা বেগমের সন্দেহ হলে তিনি ঘরে গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করেন।
ভিডিওতে দেখা যায়, মায়ের অনুপস্থিতিতে শিশুর চাচি ঘরে ঢোকেন। এক পর্যায়ে তিনি ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দেন। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা পরীক্ষা করে জানান, শিশুটির একটি পা ভেঙে গেছে। বর্তমানে তার পায়ে প্লাস্টার করা হয়েছে। শিশুটি বাড়িতেই চিকিৎসাধীন রয়েছে।

 

ভিডিওটি প্রকাশের পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত নারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বিকেল ৪টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।