প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে শিগগিরই পদোন্নতি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম সম্পন্ন হলে দীর্ঘদিন ধরে খালি থাকা পদগুলো পূরণ হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম দিনে সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রী। এদিন বিকেল ৩টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
লিখিত প্রশ্নে খায়রুল কবির খোকন জানতে চান, বর্তমানে ৩৪ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব পদ কবে পূরণ করা হবে এবং শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণের নিয়ম বাস্তবে কার্যকর করা হচ্ছে কি না।
জবাবে শিক্ষা মন্ত্রী বলেন, ‘প্রধান শিক্ষক পদে পদোন্নতিসংক্রান্ত রিট পিটিশনের বিষয়টি সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে। এখন শিগগিরই প্রধান শিক্ষকের শূন্য পদগুলোতে পদোন্নতি দেওয়া হবে।’
মন্ত্রী আরো জানান, আগের শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতো। তবে নতুন বিধিমালায় এই হার বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়েছে।
নতুন বিধিমালা প্রণয়নের পর মামলাসংক্রান্ত জটিলতার কারণে পদোন্নতি কার্যক্রম স্থগিত ছিল। মামলা নিষ্পত্তি হওয়ায় এখন নতুন নীতিমালা অনুযায়ী ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।