Skip to main content

Brick Lane News

বিদেশি অপরাধীদের দেশে ফেরাতে কঠোর হচ্ছে ইতালি, নাগরিকত্ব বাতিলও হবে সহজ

বিদেশি অপরাধীদের দেশে ফেরাতে কঠোর হচ্ছে ইতালি, নাগরিকত্ব বাতিলও হবে সহজ

বিদেশি অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাচ্ছে ইতালি। সাজাপ্রাপ্ত বিদেশি নাগরিকদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো এবং নির্দিষ্ট ক্ষেত্রে তাদের ইতালীয় নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া সহজ করতে নতুন আইন প্রস্তাব করেছে দেশটির ক্ষমতাসীন জোট।

বুধবার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি এ-সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাব অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের কোনো দেশের নাগরিক ইতালিতে এক বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হলে তাকে নিজ দেশে প্রত্যাবাসন করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক, তা বিবেচনায় নেওয়া হবে না।

সংসদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বিদ্যমান বা ভবিষ্যৎ দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হবে।

তবে প্রত্যাবাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে সীমিত পরিসরে আপিলের সুযোগ রাখা হয়েছে। কোনো ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন যে নিজ দেশে ফিরে তিনি অমানবিক আচরণ কিংবা মৃত্যুদণ্ডের ঝুঁকিতে পড়বেন, তাহলে তিনি ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারবেন।

খসড়া প্রস্তাবে আরও বলা হয়েছে, যাদের প্রত্যাবাসন করা হবে, তাদের ইতালিতে পুনরায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একই সঙ্গে এমন অপরাধের পরিধিও বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যেসব ক্ষেত্রে বিদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের ইতালীয় নাগরিকত্ব বাতিল করা সম্ভব হবে।

ব্রাদার্স অব ইতালির আইনপ্রণেতা সারা কেলানি বলেন, নতুন এই উদ্যোগের মাধ্যমে নাগরিকত্ব বাতিলের আইনি সুযোগ আরও বিস্তৃত করা হবে।

এদিকে ক্ষমতাসীন জোটের আরেক শরিক দল দ্য লিগ নাগরিকত্বের নিয়ম আরও কঠোর করা এবং নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে পৃথক একটি প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা চালিয়ে যাচ্ছে।

আগামী বছর ইতালিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে ‘ব্রাদার্স অব ইতালি’ ও ‘দ্য লিগ’, উভয় দলই ‘ফুতুরো নাৎসিওনালে’ নামে নতুন একটি কট্টর ডানপন্থী ও অভিবাসনবিরোধী রাজনৈতিক আন্দোলনের চাপের মুখে রয়েছে।

বিভিন্ন জনমত জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, নতুন এই আন্দোলন শাসক জোটের দুই দলের সমর্থনের একটি অংশ নিজেদের দিকে টেনে নিচ্ছে, যা আগামী নির্বাচনের আগে ইতালির রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।