নজরুল ইসলাম অকিব,লণ্ডন-
মৌলভীবাজার জেলার শহরতলি হিলালপুরে লন্ডন থেকে পরিচালিত মানবিক সেবামূলক সংগঠন হিলালপুর মানব কল্যাণ সংস্থা-এর উদ্যোগে বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার এর সহযোগিতায় ২৫ জুন বৃহস্পতিবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ রোগী ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগীদের চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়ের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি একজন মেডিসিন বিশেষজ্ঞ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।
আয়োজক সূত্রে জানা যায়, যেসব রোগীর চোখের অপারেশন প্রয়োজন হবে, তাদেরকে আগামীকাল বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। এছাড়া রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সারাদিনব্যাপী অনুষ্ঠিত এ শিবিরে সহস্রাধিক সংখ্যক নারী, পুরুষ ও বয়স্ক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিনামূল্যে এমন স্বাস্থ্যসেবা পেয়ে উপকৃত রোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হিলালপুর মানব কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়। দিনব্যাপী এই কার্যক্রমে স্থানীয় যুব সমাজ এলাকার মুরব্বিয়ানগন সেচ্ছাসেবী হিসাবে দায়িত্ব পালন করেন। এই জনকল্যাণমুখী কার্যক্রমে মৌলবীবাজার পৌরসভার সাবেক মেয়র বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মো: ময়ুন মিয়া উপস্থিত হয়ে আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।