বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রীতা বলেন, চলতি বছরের ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা করছি।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বাটজা) নেতৃবৃন্দরের সঙ্গে স্বাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী আফরোজা খানম রীতা বলেন, থার্ড টার্মিনাল চালুর মাধ্যমে দেশের এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বর্তমানে টার্মিনাল চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। বিভিন্ন কারিগরি পরীক্ষা ও অপারেশনাল কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, নতুন টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান বাড়বে, পাশাপাশি ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং ও বোর্ডিং প্রক্রিয়ায় গতি আসবে। এতে আন্তর্জাতিক যাত্রী পরিবহন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
মন্ত্রী রীতা বলেন, যাত্রী চাহিদা বৃদ্ধি ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের বিষয় বিবেচনায় রেখেই বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন উড়োজাহাজ যুক্ত হলে ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়বে এবং সেবার মানও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করে বিমানমন্ত্রী বলেন, আমরা মিক্সড ফ্লিটের কথা ভাবছি। চলতি বছরের মধ্যেই অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথা জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে স্বাক্ষাৎকালে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান, সদস্য সচিব ইমন চৌধুরীসহ সংগঠনটির চার সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।