জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে এবং পর্যটনকে উৎসাহিত করতে লন্ডনের যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের ছাড়ের ঘোষণা দিয়েছেন মেয়র সাদিক খান।
এই গ্রীষ্মকালীন ছুটির দিনগুলোতে যাত্রীরা মাত্র ১ পাউন্ড ৭৫ পেন্সের একটি নির্দিষ্ট ভাড়ায় সারাদিন যতবার খুশি বাস ও ট্রামে ভ্রমণ করতে পারবেন। লন্ডনের পরিবহন সংস্থা ‘ট্রান্সপোর্ট ফর লন্ডন’ (TfL) এই বিশেষ অফারটি কার্যকর করবে।
আগামী ২৫ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতি শনি ও রবিবার এই বিশেষ সুবিধা উপভোগ করা যাবে। সাধারণত লন্ডনে বাসের ‘হপার ফেয়ার’ (Hopper Fare) পদ্ধতিতে ১ পাউন্ড ৭৫ পেন্স দিয়ে এক ঘণ্টার মধ্যে যতবার খুশি বাসে ওঠা যায়।
তবে নতুন এই ঘোষণার ফলে নির্দিষ্ট দিনগুলোতে সময়ের কোনো সীমাবদ্ধতা থাকবে না; অর্থাৎ একবার ভাড়া পরিশোধ করে সারাদিন ভ্রমণ করা সম্ভব হবে।
লন্ডনের মেয়র জানিয়েছেন, গ্রীষ্মের ছুটিতে পরিবারগুলো যাতে সাশ্রয়ী খরচে শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রচারণাকে আরও আকর্ষণীয় করতে এবং শিশুদের দৃষ্টি আকর্ষণে লন্ডনের বেশ কিছু বাসকে ‘ব্যাঙের’ থিমে বিশেষভাবে সাজানো হয়েছে। মেয়রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিক ও ব্যবসায়ীরা। তারা মনে করছেন, এতে করে জ্বালানি সাশ্রয় হবে এবং মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহারের বদলে গণপরিবহনে ভ্রমণে উৎসাহিত হবে।
মুদ্রাস্ফীতির এই সময়ে যাতায়াত খরচে এমন বড় ছাড় লন্ডনের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য বড় স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।






