Skip to main content

Brick Lane News

শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা অভিযান

শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা অভিযান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা ও সচেতনতা বাড়াতে দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়েরুল ইসলাম। প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই সর্বাত্তম পন্থা। ক্যাম্পাসের বিশাল আয়তন বিবেচনায় নিয়ে দ্রুত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ৭০ জনেরও বেশি বহিরাগত শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে এবং পুরো ক্যাম্পাসকে ছয়টি জোনে বিভক্ত করে কাজ চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একাডেমিক ভবন, আবাসিক হল, প্রশাসনিক এলাকা ও আশপাশের উন্মুক্ত স্থানে এডিস মশার লার্ভা ধ্বংসে এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

ক্যাম্পাসকে বাসযোগ্য ও সুস্থ রাখার গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ জায়গা থেকে উদ্যোগী হওয়া প্রয়োজন। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে নিয়মিত কর্মক্ষেত্র ও ভবন পরিষ্কার রাখলে পুরো ক্যাম্পাসকে স্বাস্থ্যকর রাখা সম্ভব হবে। তিনি এ বিষয়ে বিভিন্ন সামাজিক সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান এবং যারা ইতিমধ্যে কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের ধন্যবাদ জানান। আমাদের মূল লক্ষ্য একটি পরিচ্ছন্ন, সুস্থ ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, যেন ডেঙ্গুসহ সার্বিক স্বাস্থ্যঝুঁকি থেকে বিশ্ববিদ্যালয়ের সবাই সুরক্ষিত থাকতে পারে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর কমিটির সদস্যসহ সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে আগামী দিনগুলোতেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার বিষয়ে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।