Brick Lane News

প্যারোলে মুক্তির বিষয়ে নতুন নীতিমালা জারি

প্রকাশিত ২৬ জানুয়ারি ২০২৬ । ১১:৩৭ এএম

কারাবন্দিদের প্যারোলে মুক্তির বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে জারি করা এ নীতিমালায় প্যারোলে মুক্তির শর্ত, সময়সীমা ও অনুমোদনকারী কর্তৃপক্ষের ক্ষমতা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নীতিমালা অনুযায়ী, ভিআইপি ও অন্যান্য সব শ্রেণির কয়েদি ও হাজতি বন্দিদের নিকট আত্মীয়—বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, স্বামী-স্ত্রী, সন্তান কিংবা আপন ভাই-বোনের মৃত্যুর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া যাবে। এ ছাড়া আদালতের আদেশ বা সরকারের বিশেষ সিদ্ধান্তের ভিত্তিতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্যারোল মঞ্জুর করা যাবে।

প্যারোলে মুক্ত বন্দিকে সার্বক্ষণিক পুলিশ প্রহরায় রাখতে হবে এবং মুক্তির সময়সীমা কোনো অবস্থাতেই ১২ ঘণ্টার বেশি হবে না। তবে বিশেষ ক্ষেত্রে সরকার প্রয়োজনে এ সময়সীমা বাড়ানো বা কমানোর ক্ষমতা সংরক্ষণ করেছে।

নীতিমালায় বলা হয়েছে, বন্দি যে জেলায় আটক আছেন, সেই জেলার ভেতরে প্যারোল মঞ্জুর করা যাবে। অন্য জেলায় আটক থাকলে গন্তব্যের দূরত্ব, যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্যারোল দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নেবেন কর্তৃপক্ষ।

পুলিশ কারাগারের ফটক থেকে বন্দিকে গ্রহণ করে অনুমোদিত সময়ের মধ্যেই পুনরায় কারাগারে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করবে।

নতুন নীতিমালায় জেলা ম্যাজিস্ট্রেটকে প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষ হিসেবে নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২০০৭ ও ২০১০ সালে এ সংক্রান্ত জারি করা পূর্ববর্তী দুটি নীতিমালা বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নতুন নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Related Posts

নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত

যুক্তরাজ্যেস্থ নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।এতে নবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অংগ...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি