Brick Lane News

চাঁদাবাজির প্রতিবাদ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ১২

প্রকাশিত ২৬ জানুয়ারি ২০২৬ । ৫:০১ পিএম

নরসিংদীতে পিকনিক শেষে ঢাকায় ফেরার পথে সাংবাদিক বহনকারী একটি বাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ দুজনকে আটক করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে এ হামলার ঘটনা ঘটে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে শেষে সাংবাদিকরা বাসে করে রাজধানীতে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্কের সামনে বাসটি সাময়িকভাবে থামানো হলে স্থানীয় একদল ব্যক্তি সাংবাদিকদের কাছে চাঁদা দাবি করে। সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানালে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বাসের ভেতরে ও বাইরে থাকা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে মো. শাহেদ, মহসিন, সাখাওয়াত কাউসারসহ অন্তত ১২ জন আহত হন। গুরুতর আহত ছয়জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি। সংগঠনটি জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি