Brick Lane News

কাপাসিয়ায় কৃষক দলের নেতাকে পিটিয়ে হত্যা

প্রকাশিত ১ ফেব্রুয়ারি ২০২৬ । ১০:৩১ এএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে। নিহত হেলাল উদ্দিন (৫৫) কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রোববার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার রাতে কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া এলাকায় বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়। নিহতের বাড়ি একই এলাকার কোটবাজালিয়া গ্রামে।

নিহতের স্বজনদের অভিযোগ, অজ্ঞাতপরিচয় ৪–৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও শাবল দিয়ে পেছন দিক থেকে হেলাল উদ্দিনের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয়তাবাদী কৃষক দল গাজীপুর জেলা শাখার সদস্যসচিব ফকির ইস্কান্দার আলম বলেন, “হেলাল উদ্দিন ছিলেন একজন ত্যাগী নেতা। তাকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ঘটনার আগের দিন নিহতের ভাতিজার সঙ্গে মুঠোফোন চুরি সংক্রান্ত বিষয়ে তর্কবিতর্ক হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত

যুক্তরাজ্যেস্থ নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।এতে নবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অংগ...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি