Brick Lane News

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়াল ২৫ হাজার কোটি টাকা

প্রকাশিত ২৫ জানুয়ারি ২০২৬ । ১১:১২ এএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে অতিরিক্ত ২৫ হাজার ৫৯২ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। একই বৈঠকে আরও ২৪টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) ব্যয় ধরা ছিল ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা। প্রথম সংশোধিত ডিপিপিতে প্রকল্প ব্যয় ২৫ হাজার ৫৯২ কোটি ৮৫ লাখ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ কোটি ৭৬ লাখ টাকা করার প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে প্রকল্প ব্যয় প্রায় ২২ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেল। ব্যয় বৃদ্ধির পুরো অর্থই প্রকল্প ঋণ থেকে আসবে।

রূপপুর প্রকল্পের সময়সূচি নিয়েও সংশোধন আনা হয়েছে। ২০১৩ সালের অক্টোবরে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও নানা জটিলতায় কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। মহামারী, ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতির কারণে বিলম্ব হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ডলারের হিসাবে প্রকল্প ব্যয় খুব বেশি বাড়েনি, তবে টাকার অঙ্কে তা বড় মনে হচ্ছে।

একনেক সভায় অনুমোদিত ২৫টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৩২ হাজার ৯৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ২ হাজার ২৯১ কোটি টাকা ব্যয় করা হবে।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি