Skip to main content

Brick Lane News

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে বরফ গলাতে ফিরল চীনের পান্ডা কূটনীতি

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে বরফ গলাতে ফিরল চীনের পান্ডা কূটনীতি

কৃত্রিম বুদ্ধিমত্তা, শুল্ক যুদ্ধ, খনিজ সম্পদ, তাইওয়ান এবং ইরান যুদ্ধের মতো নানা জটিল ইস্যুকে কেন্দ্র করে বর্তমান বিশ্বরাজনীতিতে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে বেশ শীতলতা চলছে। এই ভূরাজনৈতিক উত্তেজনার উত্তাপ কমাতে বেইজিং তাদের পুরনো কূটনৈতিক হাতিয়ার ‘পান্ডা কূটনীতি’ আবারও সামনে নিয়ে এসেছে। ওয়াশিংটন সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আটলান্টা চিড়িয়াখানায় দুটি বিশালাকার পান্ডা পাঠানোর ঘোষণা দিয়েছেন। এক দশকেরও বেশি সময়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রে শি জিনপিংয়ের এটি প্রথম রাষ্ট্রীয় সফর, যেখানে এই প্রতীকী পদক্ষেপটি বিশেষ গুরুত্ব বহন করছে। সম্পর্কের এই বরফ গলাতে বহু পুরনো ‘পান্ডা কূটনীতি’ ফিরিয়ে এনেছে চীন। ফলে দীর্ঘদিন পর আবারও আমেরিকানরা চীনা পান্ডার দেখা পেতে যাচ্ছেন।

হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার শি জিনপিং নিশ্চিত করেছেন যে, চেংদুর প্রজনন কেন্দ্র থেকে ‘পিং পিং’ ও ‘ফু শুয়াং’ নামের দুটি পান্ডা শিগগিরই জর্জিয়ার আটলান্টা চিড়িয়াখানায় পৌঁছাবে। ২০২৪ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আটলান্টার আগের পান্ডাগুলো চীনে ফেরত পাঠানোর পর সেখানে আর কোনো পান্ডা ছিল না। এছাড়া দুই দেশের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে এক লাখ তরুণ আমেরিকান শিক্ষার্থীকে চীনে পড়াশোনার জন্য আমন্ত্রণ জানানোর ঘোষণা দিয়েছেন তিনি।

দুই পরাশক্তির সম্পর্কে পান্ডা আদান-প্রদানের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ঐতিহাসিক বেইজিং সফরের পর চীন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এক জোড়া পান্ডা উপহার দিয়েছিল। পরবর্তীতে ১৯৮৪ সাল থেকে উপহারের পরিবর্তে নির্দিষ্ট মেয়াদে পান্ডা লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করে বেইজিং। বিশ্লেষকদের মতে, সরাসরি বড় কোনো নীতিগত ছাড় না দিয়েও জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে বন্ধুত্বের ইতিবাচক আবহ তৈরির জন্য চীন এই চতুর কূটনৈতিক কৌশলটি পুনরায় কাজে লাগাচ্ছে।