Brick Lane News

জামিনে মুক্তির কয়েক ঘণ্টা পর যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৩ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইমন শেখ (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ইমন মাসদাইর গুদারাঘাট এলাকার ওমর খৈয়ামের ছেলে। তিনি একটি মাদক মামলায় প্রায় তিন মাস কারাগারে থাকার পর সোমবার বিকেলে জামিনে মুক্ত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন শেখ পুলিশের ‘সোর্স’ হিসেবে কাজ করতেন। এলাকায় মাদক ব্যবসা নিয়ে জাহিদ ও চক্ষু হৃদয় নামের দুজনের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। সোমবার বিকেলে জামিনে বাসায় ফেরার পর রাত সাড়ে সাতটার দিকে তিনি একটি মোবাইল ফোনকল পেয়ে বাসা থেকে বের হন। অভিযোগ রয়েছে, ফেরদৌস নামে একজন তাকে ডেকে নেন। পরে জাহিদ, চক্ষু হৃদয় ও তাদের সহযোগীরা পূর্বশত্রুতার জেরে ইমনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

নিহতের বাবা ওমর খৈয়াম সাংবাদিকদের বলেন, তার ছেলেকে আগে মাদক মামলায় ফাঁসিয়ে র‍্যাবের হাতে তুলে দেওয়া হয়েছিল। একই পক্ষ পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর জেনারেল হাসপাতালে পাঠায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ইমন শেখ দীর্ঘদিন একটি মামলায় কারাগারে ছিলেন। জামিনে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

তিনি বলেন, মাসদাইর এলাকার জাহিদ গ্রুপের একসময় সদস্য ছিলেন ইমন। মাদকসংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটতে পারে।

Related Posts

দুদিনের ব্যবধানে বাবা-মায়ের মৃত্যু, হাতকড়া পরে আবার জানাজায় দুই ভাই

কক্সবাজারের রামু উপজেলায় দুই দিনের ব্যবধানে বাবা-মাকে হারিয়েছেন কারাগারে থাকা দুই সহোদর ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল। মায়ের মৃত্যুর পর...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি