Brick Lane News

প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করে দেখা হবে

প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করে দেখা হবে

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করার প্রক্রিয়ায় প্রসিকিউশন টিমের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের চলমান সব মামলা ও কার্যক্রম তিনি পর্যায়ক্রমে পর্যালোচনা করবেন।

তিনি বলেন, “আমি এখানে নতুন দায়িত্ব নিয়েছি। ট্রাইব্যুনালের সব কার্যক্রম ও মামলার বিষয়বস্তু আমাকে বুঝতে হবে। যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে, সেগুলোও তদন্ত করে দেখা হবে।”

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ তোলেন একই সময়ে নিয়োগ পাওয়া আরেক প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাজী মোস্তাফিজুর রহমান আহাদ নামে এক আইনজীবীর রাজসাক্ষী সংক্রান্ত একটি স্ট্যাটাসের মন্তব্যে বিএম সুলতান মাহমুদ এ অভিযোগ উত্থাপন করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়।

নতুন চিফ প্রসিকিউটর জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।