Brick Lane News

ড. ইউনূসকে দেশের ইতিহাসে ‘প্রধানতম শত্রু ও বিশ্বাসঘাতক’ আখ্যা; পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি

ড. ইউনূসকে দেশের ইতিহাসে ‘প্রধানতম শত্রু ও বিশ্বাসঘাতক’ আখ্যা; পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। তিনি ড. ইউনূসকে দেশের ইতিহাসে ‘প্রধানতম শত্রু ও বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে পাঠ্যপুস্তকে তার নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

সম্প্রতি এক বক্তব্যে পান্না বলেন, স্বাধীনতার পরবর্তী ৫৫ বছরের ইতিহাসে দেশের মাটি, মানুষ ও মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শত্রু হিসেবে তিনি ড. ইউনূসকে দেখেন। তার দাবি, ইতিহাসের অংশ হিসেবে পাঠ্যপুস্তকে এ মূল্যায়ন অন্তর্ভুক্ত করা উচিত।

ড. ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিসরে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পুরো বিশ্বের সামনে তার মুখোশ উন্মোচনের দায় আমাদের সবার।”

মঞ্জুরুল আলম পান্না ‘মানচিত্র’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন এবং বিভিন্ন রাজনৈতিক টকশোতে আলোচক হিসেবে অংশ নেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নীলা ইসরাফিল তার ভেরিফায়েড ফেসবুক পেজে পান্নার মন্তব্য শেয়ার করে একই দাবি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত বছরের আগস্টের শেষ দিকে মতপ্রকাশ ও সরকারবিরোধী সমালোচনার অভিযোগে মঞ্জুরুল আলম পান্নাসহ কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আইনি প্রক্রিয়ায় জামিনে মুক্তি পান। সে সময় গ্রেপ্তারের ঘটনায় বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ জানিয়েছিল।

সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।