Brick Lane News

রাতেই ৯ জেলায় ঝড়ের আশঙ্কা, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ১১:১২ পিএম

দেশের বিভিন্ন অঞ্চলে ঝরছে স্বস্তির বৃষ্টি। এতে ভ্যাপসা গরম খানিকটা কমছে। তবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনো ৩৩ ডিগ্রির ঘরে বিরাজ করছে। এ অবস্থার মধ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতের মধ্যে দেশের ৯ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ঝরতে পারে স্বস্তির বৃষ্টি।

বৃহস্পতিবার আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় ঝরতে পারে স্বস্তির বৃষ্টি। এর মধ্যে রোববার দিনের তাপমাত্রা কিছুটা কমলেও বাড়তে পারে রাতের তাপমাত্রা। তবে সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

আগামী মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় রংপুরে দেশের সর্বোচ্চ ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে নীলফামারীর রাজারহাটে ৪১ ও নওগাঁর বাদলগাছীতে ৩৪ মিলিমিটার ছাড়াও বগুড়ায় ২৭, সৈয়দপুরে ২০, গোপালগঞ্জে ৯ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দরবানে দেশের সর্বোচ্চ ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি