Brick Lane News

ঈদ উপলক্ষে নৌপথে বিশেষ লঞ্চ, স্টিমার সার্ভিস শুরু ১৭ মার্চ

ঈদ উপলক্ষে নৌপথে বিশেষ লঞ্চ, স্টিমার সার্ভিস শুরু ১৭ মার্চ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নৌপথে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক যাতায়াত নির্বিঘ্ন করার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

আগামী ১৭ মার্চ থেকে যাত্রীসেবায় বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট এবং ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে নির্ধারিত বিভিন্ন রুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু থাকবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ব্যবস্থার আওতায় কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-নারায়ণগঞ্জ-চাঁদপুর-কালিগঞ্জ-হিজলা-বরিশাল নৌরুটে নৌযান চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ঢাকাস্থ বসিলা ব্রিজ সংলগ্ন বসিলা লঞ্চঘাট থেকে বসিলা-সদরঘাট-মুন্সিগঞ্জ-চাঁদপুর-ঈদগা ফেরিঘাট, শরীয়তপুর-ইলিশা-হাকিমুদ্দিন-গলাচিপা নৌরুটে যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

আরও বলা হয়, ঈদযাত্রাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক যাত্রীদের নির্ধারিত নৌপথ ব্যবহার করে নিরাপদে যাতায়াতের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে নৌপথে চলাচলকারী যাত্রীগণকে কোনো জরুরি প্রয়োজনে ও সেবা-সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএর হটলাইন নম্বর ১৬১১৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।