পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ আলমকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়।
শাহ আলমের ছেলে মো. সাগর জানান, তার বাবা একটি ইফতার পার্টিতে অংশ নিতে সেখানে গেলে স্থানীয় কিছু লোক তাকে চিনে ফেলেন। পরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে জনতা রমনা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে সেখান থেকে থানায় নিয়ে যায়।
সাগরের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার বাবাকে আটক করা হয়েছে।
রমনা থানা সূত্র জানায়, বিক্ষুব্ধ জনতার তথ্যের ভিত্তিতে শাহ আলমকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, শাহ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বও পালন করেছেন।





