Skip to main content

Brick Lane News

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ: শিক্ষার্থী নিরাপত্তা ঘটনায় নিয়ে তোলপাড়

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ: শিক্ষার্থী নিরাপত্তা ঘটনায় নিয়ে তোলপাড়

ভারতের পাঞ্জাবের জলন্ধরের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক নারী শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। গত রবিবার ভোররাতে শুরু হওয়া এই বিক্ষোভ এক পর্যায়ে তীব্র আকার ধারণ করে এবং শিক্ষার্থীরা জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়ক অবরোধ করে ফেলে। শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে এই আন্দোলনে ব্যাপক হট্টগোল ও উত্তেজনা দেখা দেয়।

বিক্ষোভের এক পর্যায়ে ক্যাম্পাস জুড়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে শিক্ষার্থীদের স্লোগান দিতে এবং বিশ্ববিদ্যালয়ের জানালার কাচ, ফুলের টব ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করতে দেখা গেছে। এছাড়া ক্যাম্পাসের কয়েকটি দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি ভবনের কিছু অংশে আগুন দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জি-৩ হোস্টেলে থাকা এক ছাত্রীকে বহিরাগত এক ব্যক্তি নির্যাতন করেন। অভিযোগ রয়েছে যে, অভিযুক্ত ব্যক্তি একজন প্লাম্বার বা নির্মাণকর্মী ছিলেন। শিক্ষার্থীরা দাবি করেছেন, এই গুরুতর বিষয়টি হোস্টেল ওয়ার্ডেনকে জানানো হলেও কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। রাত প্রায় ১টার দিকে মেয়েদের হোস্টেলের কাছে এই বিক্ষোভের সূত্রপাত হয়।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগটিকে সম্পূর্ণ গুজব বলে প্রত্যাখ্যান করেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে পুলিশ তৎপর হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর দেওয়া বক্তব্যের ভিত্তিতে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি তদন্তের জন্য ফাগওয়ারার পুলিশ সুপার মেজর সিংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে বলে ডিআইজি নিশ্চিত করেছেন।