জুলাই আন্দোলনের এক কর্মীর ওপর হামলার অভিযোগে করা মামলায় নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ৬ জনকে গ্রেপ্তার দেখিয়েছে শাহবাগ থানা পুলিশ।
গ্রেপ্তার অন্যরা হলেন- দলের ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল এবং হরিদাস সরকার।
বুধবার (৫ আগস্ট) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে বাবুল সরকার বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার এজাহারে ছয়জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার অনুযায়ী, মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিল চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে বলা হয়, বাদী বাবুল সরকার এবং এসডিএফের সদস্য সচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ জুলাই আন্দোলনের কয়েকজন সদস্য প্রতিবাদ জানালে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে হামলা চালান। হামলায় আল নুর মোহাম্মদ আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত আয়াসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর অতিরিক্ত পুলিশি নিরাপত্তায় শান্তা ফারজানাসহ ৬ জনকে সেখান থেকে শাহবাগ থানায় নেওয়া হয়। নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরাম নামের দুটি সংগঠনের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনার পর পুলিশ তাদের হেফাজতে নেয়।