Skip to main content

Brick Lane News

কাতারের স্বল্প আয়ের পরিবার সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির

কাতারের স্বল্প আয়ের পরিবার সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির

কাতারের সুবিধাবঞ্চিত এবং স্বল্প আয়ের পরিবারগুলোর দৈনন্দিন চাহিদা পূরণে অভিনব ডিজিটাল অনুদান কর্মসূচি ‘শেয়ার দ্য রিওয়ার্ড’ চালু করা হয়েছে। রফিক অ্যাপ এবং কাতার চ্যারিটির এই যৌথ উদ্যোগে যে কেউ এখন সরাসরি অ্যাপ ব্যবহার করে খাদ্যসামগ্রী, পোশাক, স্কুলপণ্য ও চিকিৎসা সেবার মতো প্রয়োজনীয় খাতে সাহায্য করতে পারবেন। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষের জন্য আর্তমানবতার সেবায় এগিয়ে আসা আরও সহজ হলো।

প্রকৃত দরিদ্র পরিবার চিহ্নিতকরণ ও তাদের অগ্রাধিকারের ভিত্তিতে সহায়তা পৌঁছানোর প্রক্রিয়াটি পরিচালনা করছে কাতার চ্যারিটির আওতাধীন আকরাবুন সেন্টার। এই সংস্থাটি কেস স্টাডি ও চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে প্রতিটি পরিবারের সুনির্দিষ্ট চাহিদা যাচাই করবে। আকরাবুন সেন্টারের নির্বাহী পরিচালক ফয়সাল রশিদ আল-ফুহাইদা জানান, আধুনিক প্রযুক্তি ও পারস্পরিক অংশীদারিত্বকে কাজে লাগিয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই মানবিক উদ্যোগের মূল উদ্দেশ্য। এটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে পারস্পরিক সংহতি ও দায়বদ্ধতার জায়গাটিকে আরও শক্তিশালী করবে।

প্রযুক্তি কেবল বাণিজ্য বা সেবা প্রদানের মাধ্যম নয়, বরং তা জনকল্যাণেও ব্যবহার করা সম্ভব—এই দর্শনের ওপর ভিত্তি করেই প্রকল্পটি সাজানো হয়েছে। রফিক অ্যাপের সিইও আব্দুল্লাহ থামের আল-হুমাইদি বলেন, প্রযুক্তিগত উন্নয়নের সদ্ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে রফিক ব্যবহারকারীরা এখন অত্যন্ত সহজে ও সম্মানের সাথে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারবেন। তিনি মনে করেন, প্রযুক্তি ও মানবিকতার এই সমন্বয় সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

কাতার চ্যারিটি ও রফিকের এই সম্মিলিত প্রচেষ্টা দেশের বেসরকারি খাতের প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থার মধ্যকার অংশীদারিত্বের একটি সফল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে দাতব্য কর্মকাণ্ডে স্বচ্ছতা বাড়বে এবং দেশের স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রায় প্রকৃত প্রভাব ফেলবে।