গণভবনে স্থাপিত জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের জন্য দিনক্ষণ নির্ধারণ করে সরকারের প্রতি আল্টিমেটাম দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম। তিনি আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি জানিয়েছেন; অন্যথায় জনগণ নিজেরাই সেখানে প্রবেশ করে এটি উন্মুক্ত করবে বলে জানান তিনি।
বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের গণকবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলাগুলোর তদন্ত ও বিচার প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। এসব মামলার কার্যক্রম দ্রুত শেষ করার পাশাপাশি ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রায় কার্যকর করা উচিত।
হাসানুল হক ইনুর প্রসঙ্গ টেনে এনসিপি আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী হিসেবে তার বিরুদ্ধে দেওয়া ১০ বছরের সাজা যথেষ্ট নয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করে আরও কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ করলেই হবে না। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের সিদ্ধান্ত কার্যকর এবং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী ঘনিয়ে এলেও সরকার এখনো কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেনি। সরকার শিগগিরই এ বিষয়ে বিস্তারিত কর্মসূচি প্রকাশ করবে বলে তিনি প্রত্যাশা করেন।