Brick Lane News

হরমুজ প্রণালি বন্ধের ইরানি ঘোষণায় লেবাননে হামলা থামাল ইসরায়েল

হরমুজ প্রণালি বন্ধের ইরানি ঘোষণায় লেবাননে হামলা থামাল ইসরায়েল

লেবাননে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী আগ্রাসনের জেরে বিশ্বের অন্যতম কৌশলগত ও গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের এই অনমনীয় সিদ্ধান্ত এবং বিশ্বব্যাপী তীব্র আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান ও হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শনিবার (২০ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’ এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটনের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ)’ লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েল। সাম্প্রতিক এই আগ্রাসনে লেবাননে অন্তত ৮৩ জন নিহত হয়েছেন। এর তীব্র প্রতিক্রিয়া হিসেবেই মাত্র তিন দিন আগে উন্মুক্ত করে দেওয়া হরমুজ প্রণালি আবারও বন্ধের কঠোর সিদ্ধান্ত নেয় তেহরান। সামরিক কমান্ডের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এটি ইরানের পক্ষ থেকে নেওয়া কেবল ‘প্রথম পদক্ষেপ’ এবং ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইরানের এই চরম আলটিমেটামের পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অবিলম্বে দক্ষিণ লেবাননে ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে (আইডিএফ) হামলা বন্ধের নির্দেশ দেন। তবে দখলে রাখা এলাকাগুলো থেকে এখনো সেনা প্রত্যাহারের কোনো ঘোষণা দেয়নি তেল আবিব।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার (২১ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া ১৪ দফার চুক্তির ধারাবাহিকতায় আজ সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দুই দেশের ‘টেকনিক্যাল পর্যায়ের’ একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মধ্যস্থতাকারী হিসেবে এই আলোচনায় পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন। রয়টার্স জানিয়েছে, বৈঠকে অংশ নিতে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে। একই সাথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শিগগিরই এই বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে।