Skip to main content

Brick Lane News

হরমুজ পাহারায় টোল আদায়ের ঘোষণা ট্রাম্পের

হরমুজ পাহারায় টোল আদায়ের ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব নিয়ে এবার অর্থ আদায়ের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এতদিন বিনা পারিশ্রমিকে নিরাপত্তা দিলেও এখন ধনী দেশগুলোকে এর জন্য যুক্তরাষ্ট্রকে অর্থ পরিশোধ করতে হবে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে সোমবার ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরাই হরমুজ প্রণালির অভিভাবক হব। এতদিন বিনা মূল্যে নিরাপত্তা দিয়েছি, এখন এর জন্য অর্থ পাব। আমাদের সেনাদের ঝুঁকিতে রেখে কাজ করছি, তাই অন্তত সেই ব্যয় ফেরত চাই।”

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে জাহাজ চলাচলও ব্যাহত হচ্ছে।

ট্রাম্প অভিযোগ করেন, সপ্তাহান্তে দীর্ঘ বৈঠকে যেসব বিষয়ে সমঝোতা হয়েছিল, পরে ইরান সেগুলো পরিবর্তনের দাবি তোলে। তবে ঠিক কোন বিষয়ে পরিবর্তন চাওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধের আরও বিস্তার ঠেকাতে কাতার, পাকিস্তান ও ওমানের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, প্রণালিটি এখনো আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত এবং এর নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই।