Brick Lane News

৫ আগস্টের পর নিরপরাধ ও বিশিষ্ট ব্যক্তিদের নামে হওয়া মিথ্যা মামলা যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্টের পর নিরপরাধ ও বিশিষ্ট ব্যক্তিদের নামে হওয়া মিথ্যা মামলা যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় বড় ব্যবসায়ী, স্বনামধন্য ও বিশিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে সেসব মামলা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে, যেখানে এক শ্রেণির সুবিধাবাদী মানুষ সুযোগ নিয়ে এমন ব্যক্তিদের আসামি করেছেন, যাদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রশ্নই ওঠে না। তার ভাষায়, “অনেক বড় বড় ব্যবসায়ী, স্বনামধন্য ব্যক্তি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়েছে। অনেক মানুষ অযথা ভোগান্তির শিকার হয়েছেন।”

তিনি জানান, এসব অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। যাতে নিরীহ কেউ হয়রানির শিকার না হন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় সে লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, সরকার আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু যদি নিরীহ মানুষ মামলাবাজির শিকার হয়ে ভোগান্তিতে থাকেন, তবে তা গ্রহণযোগ্য নয়। তাই বিষয়গুলো দ্রুত যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ বিষয়ে কোনো কমিটি গঠন করা হবে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি পুলিশের নিয়মিত কাজ। আলাদা কমিটির প্রয়োজন নেই। দ্রুত একটি প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে, তবে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

সাংবাদিকরা এ ধরনের মামলায় অন্তর্ভুক্ত আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “সাংবাদিকরা কি মানুষ না? সব মানুষই আইনের শাসন পাবে।”