Brick Lane News

হাজিদের সেবায় ব্যাপক প্রস্তুতি, থাকছে ৬০ হাজার স্বাস্থ্যকর্মী

হাজিদের সেবায় ব্যাপক প্রস্তুতি, থাকছে ৬০ হাজার স্বাস্থ্যকর্মী

এ বছর হজযাত্রীদের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি সরকার। বুধবার (১৩ মে) রিয়াদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত দেশটির ৫টি মন্ত্রণালয় যৌথভাবে তাদের সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরে। যার মধ্যে রয়েছে হাজিদের যাতায়াত, আবাসন, ভ্রমণ ও স্বাস্থসেবা নিশ্চিত করাসহ আয়োজনের নানা বিষয়।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল জানান, এ বছর হজযাত্রীদের সেবায় থাকছে ৭ হাজার ৭০০ প্যারামেডিকস ও ৫২ হাজার স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৬০ স্বাস্থ্যসেবী। প্রস্তুত রাখা হয়েছে ২০ হাজার হাসপাতালের বেড, ৩ হাজার অ্যাম্বুলেন্স এবং ১১টি এয়ার অ্যাম্বুলেন্স ছাড়াও ২৫টি জরুরি কেয়ার সেন্টার। অন্য বছরগুলোর তুলনায় এবার কিছু ব্যতিক্রমী নতুন উদ্যোগও গ্রহণ করা হয়েছে। যার মধ্যে অন্যতম হলো হজ ব্যবস্থাপনায় এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার এবং ফাইভ জি নেটওয়ার্ক সাপোর্ট।

সৌদিতে গণমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপ করা হলেও অবাক ব্যাপার হচ্ছে, এ বছর সৌদিতে ১৫০টি দেশের ৩ হাজার গণমাধ্যমকর্মী হজের সংবাদ কভার করবেন বলে জানিয়েছেন দেশটির গণমাধ্যমমন্ত্রী সালমান আল দোসারি। তিনি আরও জানান, ২০ হাজার মসজিদ থেকে ২০ লাখের বেশি পবিত্র কোরআনের কপি উপহার হিসেবে বিতরণ করা হবে হজের সময়। এ ছাড়া মক্কা ও মদিনায় অস্থায়ী আবাসনের জন্য ২৩ লাখ বেড সরবরাহ করা হয়েছে।

হজ এবং ওমরামন্ত্রী তৌফিক আল রাবিয়াহ জানান, এরই মধ্যে সৌদিতে প্রায় ৯ লাখ হজযাত্রী এসে পৌঁছেছেন। এ বছর প্রায় ১৫ লাখ হজযাত্রী আসবেন।

হাজিদের কষ্ট লাঘব করতে এবার এয়ারপোর্ট থেকে তাদের ব্যাগ ও জিনিসপত্র সরাসরি আবাসনস্থলে পৌঁছে যাবে বলে জানান তিনি।

সংবাদমাদ্যম আরব নিউজ কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, এবারের হজকে কেন্দ্র করে মক্কায় ২৫টির বেশি উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এরমধ্যে অন্যতম সৌন্দর্যবর্ধন ও ছায়া সুনিবিড় জায়গা তৈরিতে ৬০ হাজারের বেশি গাছ রোপন করা হয়েছে। ৪৬ লাখ বর্গ এলাকাজুড়ে ৮৮ হাজার স্যানিটেশন ইউনিট স্থাপন করা হয়েছে।

হজযাত্রীদের বাসা থেকে গ্রান্ড মসজিদে যাতায়াতের জন্য ৩ হাজার এবং ৫ হাজার সাটল বাস প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া হোলি সাইট ট্রেইন সার্ভিস প্রতিঘণ্টায় ৭২ হাজার হজযাত্রীকে পরিবহনে সক্ষম হবে।